চেলসিকে ইতিহাসের হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোপা লিগ
ইউরোপা লিগ

আজ আমস্টারডাম অ্যারেনায় মুখোমুখি হচ্ছে চেলসি ও বেনফিকা। জিতলেই ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে চেলসি যুগপৎ বিজয়ী হবে ইউরোপের সেরা দুটি টুর্নামেন্টে। ২৫ মে ওয়েম্বলির অল-জার্মান ফাইনালের পরই চ্যাম্পিয়নস লিগের বর্তমান মুকুটটা চেলসির হাতছাড়া হয়ে যাবে। তার আগ পর্যন্ত অন্তত নয় দিন দুটি মুকুটই থাকবে লন্ডনের ক্লাবটির মাথায়।

শুধু তা-ই নয়, আগের মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জয়ের পরের মৌসুমেই ইউরোপা লিগ জয়ের কীর্তিও নেই কারো। তাই টানা চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ জেতার ইতিহাসটাও চেলসি লিখবে প্রথমবারের মতো। চতুর্থ ক্লাব হিসেবে চেলসি গড়ে ফেলবে চ্যাম্পিয়নস লিগ, উয়েফা কাপ উইনার্স কাপ ও ইউরোপা লিগ—ইউরোপের তিনটি শিরোপা জেতার কীর্তি। যে কীর্তি আছে শুধু বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস ও আয়াক্সের।

চেলসি পারবে ইতিহাসের এতগুলো পাতায় নাম তুলতে? মৌসুমটা যেমনই যাক, ফাইনালের প্রস্তুতিটা চেলসি সেরে রেখেছে দারুণভাবে। শনিবার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে পাওয়া ২-১ গোলের জয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা প্রায় নিশ্চিত করে দিয়েছে। আত্মবিশ্বাসও তুঙ্গে। ইতিহাসও চেলসির পক্ষেই।

ইউরোপা লিগ
ইউরোপা লিগ

গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জেতার পথে কোয়ার্টার ফাইনালে এই বেনফিকারই মুখোমুখি হয়েছিল চেলসি। জিতেছিল দুই লেগেই। বেনফিকার মাঠে ১-০ গোলে জেতার পর নিজেদের মাঠে জিতেছিল ২-১ গোলে। তবে চেলসির জন্য এর চেয়েও বড় প্রেরণা, চারবার ইউরোপিয়ান ফাইনালে উঠে জিতেছে তিনবারই। গত মৌসুমে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে পেয়েছে প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ। কাপ উইনার্স কাপে দুবার ফাইনালে উঠে জিতেছে দুবারই। প্রথম ইউরোপার ফাইনালে ওঠা চেলসি আজও কি হাসবে বিজয়ীর হাসি? চেলসির স্প্যানিশ মিডফিল্ডার হুয়ান মাতা কিন্তু মনে করেন কাজটা সহজ হবে না।

চেলসির জন্য যা অনুপ্রেরণার, সেই ইতিহাসই বেনফিকার ‘বড়’ বাধা। বেনফিকা সর্বশেষ ইউরোপিয়ান শিরোপা জিতেছিল ১৯৬২ সালে। এরপর ছয়বার ইউরোপিয়ান টুর্নামেন্টের ফাইনালে উঠেও তারা ছিল পরাজিত দল। এর পাঁচবারই ইউরোপিয়ান কাপে (বর্তমানে চ্যাম্পিয়নস লিগ), একবার এই ইউরোপা লিগে (১৯৮৩ সালে, সাবেক উয়েফা কাপে)। বেনফিকা পারবে স্কটিশ কিংবদন্তি রবার্ট ব্রুসের মতো অনুপ্রাণিত হয়ে সাতবারের চেষ্টায় জয়ী হতে? বেনফিকার অনুপ্রেরণা ফাইনালের ভেন্যু আমস্টারডাম অ্যারেনাই। ১৯৬২ সালে বেনফিকা সর্বশেষ ইউরোপিয়ান কাপ জিতেছিল এই আমস্টারডামেই। রিয়াল মাদ্রিদকে  ৫-৩ গোলে হারিয়ে। এএফপি, রয়টার্স।