চেলসিকে উড়িয়ে দিল আর্সেনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই চেলসি, তো পরক্ষণেই আর্সেনাল। স্টামফোর্ড ব্রিজে নাটকের দৃশ্যপট পাল্টাচ্ছিল খুব দ্রুত। সেই নাটকে দুবার করে পিছিয়ে পড়েও রবিন ফন পার্সির হ্যাটট্রিকে চেলসিকে ৫-৩ গোলে হারিয়েছে আর্সেনাল। লিগের ষষ্ঠ স্থানে থাকা আর্সেনাল সর্বশেষ ৯ ম্যাচের ৮টিতেই জিতেছে ফন পার্সির অধিনায়কোচিত পারফরম্যান্সে। কাল অবশ্য ম্যাচের শুরুতে ক্যামেরা বেশিই খুঁজেছে চেলসি অধিনায়ক জন টেরিকে। আগের সপ্তাহে কিউপিআরের কাছে ০-১ গোলে পরাজিত ম্যাচে বর্ণবাদী আচরণের অভিযোগ ওঠে ইংলিশ ডিফেন্ডারের বিরুদ্ধে। সেই অভিযোগ নিয়েই এ ম্যাচে খেলতে নেমেছিলেন। কিন্তু কাল চেলসি আর টেরির জন্য সপ্তাহটা আরও হতাশার জন্ম দিল।ম্যাচের শুরুতে অবশ্য অন্য ইঙ্গিত ছিল। ১৪ মিনিটে ল্যাম্পার্ডের গোলে এগিয়ে যায় চেলসি। ফন পার্সি আর্সেনালকে সমতায় ফেরান ৩৬ মিনিটে। এরপর মনে হচ্ছিল টেরিই হয়তো হতে চলেছেন নায়ক। দারুণ এক গোল করে ৪৫ মিনিটে দলকে ২-১-এ এগিয়ে দেন তিনি। তবে আর্সেনালের নতুন সংযোজন ব্রাজিলিয়ান ডিফেন্ডার আন্দ্রে সান্তোস ৪৯ মিনিটেই শোধ করে দেন সেই গোল।মৌসুমের শুরুটা বাজে হওয়ায় কয়েকজন নতুন খেলোয়াড় কেনেন আর্সেনাল কোচ ওয়েঙ্গার। তাঁদের একজন সান্তোস। ওয়েঙ্গারের খেলোয়াড় কেনা যে যথার্থ হয়েছে, ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে সেটাই। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ৮-২ গোলে হেরে যাওয়ার লজ্জা ভুলে আবার আলো দেখছে ‘গানার’রা।সান্তোসের দেখানো আলোর পথ ধরেই থিও ওয়ালকটের গোলে এগিয়ে যায় আর্সেনাল। হুয়ান মাতা সেই গোলটি ফেরতও দেন। কিন্তু আর্সেনালের গতির কাছে ‘বুড়ো’ চেলসিকে শেষ পর্যন্ত আত্মসমর্পণই করতে হয়। ৫ মিনিটের মধ্যে (৮৫ ও ৯০) ২ গোল করে টেরি-কোলদের স্তম্ভিতই করে দেন পার্সি। এএফপি।আরেক ম্যাচে হাভিয়ের হার্নান্দেজের একমাত্র গোলে এভারটনের বিপক্ষে জিতেছে ম্যানইউ। ২৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে তারা।