চেলসিকে বাঁচালেন তোরেস
২০ বছর আগের কথা। রায়ান গিগস তখন কুঁড়ি থেকে ফুল হয়ে ফোটার প্রতিশ্রুতি জাগিয়েছেন। ব্রাইটনের বিপক্ষে করেছিলেন এফএ কাপ ক্যারিয়ারে নিজের ১২ গোলের প্রথমটি। কিন্তু ২০১৩ সালে এসে এই ৩৯ বছর বয়সেও গিগস গোল করবেন, সেটি তখন নিশ্চয়ই ভাবা যায়নি।গত পরশু ফুলহামের সঙ্গে ম্যাচে দ্বিতীয় মিনিটেই পেনাল্টি পাওয়ায় অ্যালেক্স ফার্গুসনের হূৎস্পন্দন হয়তো দ্রুততরই ছিল। চলতি মৌসুমে এর আগে যে পাঁচ-পাঁচটি পেনাল্টি মিস করেছেন রুনি-পার্সিরা। স্পট কিকের গুরুভার বর্তাল তাই দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়ের কাঁধে। বিন্দুমাত্র বিচলিত হলেন না ‘বুড়ো’ গিগস, বাঁ পায়ের শটে বল জড়ালেন জালে। এর সঙ্গে ওয়েইন রুনির একটি ও হাভিয়ের হার্নান্দেজের জোড়া গোলে ফুলহামকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ইউনাইটেড। পরশুর রাত অঘটনও দেখেছে। এই রাতে লুটন টাউনের কাছে নরউইচের হার এফএ কাপের ইতিহাসেরই বড় অঘটনগুলোর একটি। ২৭ বছর পর এই প্রথম কোনো শীর্ষ লিগের ক্লাব হারল পঞ্চম বিভাগের দলের কাছে। আরেকটু হলেই এই দলে নাম লেখাতে পারত আর্সেনাল। দুবার পিছিয়ে পড়েও ব্রাইটন সমতা ফিরিয়ে এনেছিল! শেষমেশ ‘সুপার সাব’ থিও ওয়ালকটের গোলেই জিতেছে আর্সেনাল। গতকাল চেলসিও অঘটনের শিকার হতে হতে বেঁচেছে। লিগ ওয়ানের ব্রেন্টফোর্ড এগিয়ে গিয়েছিল দুবার। শেষমেশ ম্যাচটা ড্র হয়েছে ২-২ গোলে। অস্কারের প্রথম গোলের পর ম্যাচ বাঁচানো গোলটি করেছেন তোরেস। তবে ওল্ডহ্যামের বিপক্ষে ৩-২ গোলে হেরে গেছে লিভারপুল। এএফপি।