চেলসিকে বিদায় বললেন দ্রগবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চরম আনন্দের মুহূর্তেই মন খারাপ করার মতো খবরটি দিয়েছেন দিদিয়ের দ্রগবা। রোববার লন্ডনে ছাদখোলা বাসে চ্যাম্পিয়নস লিগ ট্রফি নিয়ে চেলসির শোভাযাত্রার মধ্যেই সতীর্থদের জানিয়ে দিয়েছেন, ইংলিশ ক্লাবটির সঙ্গে আট বছরের পথচলার এখানেই সমাপ্তি! বয়স ৩৪ বছর চলছে। চেলসির আগামী দিনের পথচলায় নিজের ভূমিকা সম্পর্কে নিশ্চিত নন। বেঞ্চে বসে থাকার চেয়ে সরে যাওয়াই তাঁর কাছে মনে হয়েছে ভালো। এ কারণেই এই সিদ্ধান্ত। প্রথমে খবরটি দিয়েছিল ফ্রেঞ্চ ফুটবল।খবরটিকে ‘বাসি’ হতে দেয়নি চেলসি। গতকালই ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, আইভরিয়ান এই স্ট্রাইকারের সঙ্গে নতুন চুক্তি হচ্ছে না, ‘চেলসির পক্ষ থেকে নিশ্চিত করা হচ্ছে, জুনে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ক্লাব ছেড়ে যাবেন দিদিয়ের দ্রগবা।’ ২০০৪ সালে ফ্রান্সের অলিম্পিক মার্শেই থেকে চেলসিতে যোগ দিয়েছিলেন ২৬ বছর বয়সী তরুণ একজন স্ট্রাইকার হিসেবে। গত আট মৌসুমে চেলসির জার্সি গায়ে ৩৩৮ ম্যাচ খেলে করেছেন ১৫৭ গোল। ইংলিশ প্রিমিয়ার লিগে গোল করেছেন ঠিক ১০০টি। রোমান আব্রামোভিচের হাত ধরে নতুন পথে যাত্রার শুরুর সময় থেকেই চেলসিতে ছিলেন। সব মিলে জিতেছেন ১২টি শিরোপা। এর মধ্যে আছে তিনটি লিগ আর চারটি এফএ কাপ। পরম আরাধ্যের চ্যাম্পিয়নস লিগ শিরোপাও এল এবার। মাথা উঁচু করেই বিদায় নিতে পারছেন। কারণ, এবার এফএ কাপ আর চ্যাম্পিয়নস লিগ দুটো শিরোপাতেই আছে তাঁর প্রত্যক্ষ অবদান। এফএ কাপের জয়সূচক গোলটি তাঁর। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে সমতা ফেরানো গোলটির পর টাইব্রেকারের শেষ শটটিও নিয়েছিলেন তিনিই। দ্রগবা অবশ্য বিদায়ী বার্তায় পুরো কৃতিত্ব দিয়েছেন দলকে। বলেছেন, ‘দল হিসেবেই আমরা এত কিছু অর্জন করেছি, সম্ভাব্য প্রতিটি শিরোপা জয়েই ছিল দলের অবদান। গত শনিবার ছিল ক্লাবের সবার এবং সমর্থকদের জন্য বিশেষ দিন। আমি খুবই গর্বিত ক্লাবে এতগুলো ট্রফি নিয়ে আসায় নিজের দায়িত্বটা ঠিকমতো পালন করতে পেরে। যে ক্লাব আট বছর ধরে আমার ঘরবাড়ি হয়ে ছিল। এই সুযোগে সবাইকে কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে রোমান এবং আমার সতীর্থদের, আরও অনেককে যারা আমার কাছের বন্ধু হয়ে গেছে, তারা সারা জীবনই আমার বন্ধু হয়ে থাকবে।’ দ্রগবার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে চেলসির প্রধান নির্বাহী রন গোরলে বলেছেন, দ্রগবা সব সময় চেলসির একজন কিংবদন্তির মর্যাদাই পাবেন।সতীর্থদের বিদায় বলে দেওয়ার সময় দ্রগবা নাকি কান্নায় ভেঙে পড়েছিলেন। দ্রগবাকে উদ্ধৃত করে ফ্রেঞ্চ ফুটবল লিখেছে, ‘আমরা আগামী মৌসুমে আর একসঙ্গে থাকছি না। আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ কথা তাদের সরাসরি বলে দিতে চেয়েছিলাম। কিন্তু সেটা পারিনি। তারা আমাকে আবেগে ভারাক্রান্ত করে ফেলেছে। আমি হয়তো তিন বছর ধরেই বলে আসছি আর থাকব না, চলে যেতে চাই। কিন্তু এই ক্লাবের সঙ্গে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে, সেটি বলাটা ছিল খুব কঠিন।’নতুন ঠিকানা হিসেবে দ্রগবা সাংহাই শেনহুয়ার সঙ্গেই যুক্ত হচ্ছেন বলে ব্রিটিশ মিডিয়ার খবর। দ্রগবারই সাবেক চেলসি সতীর্থ নিকোলাস আনেলকা এখন চীনের এই ক্লাবটির কোচ ও খেলোয়াড়ের দ্বৈত ভূমিকায়। ওই ক্লাবে দ্রগবার সাপ্তাহিক বেতনের অঙ্কটা আড়াই লাখ পাউন্ড বলেও শোনা যাচ্ছে! এএফপি, ওয়েবসাইট।