চেলসিকে রুখে দিল ওয়েস্ট ব্রম

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে চেলসি ও ওয়েস্ট ব্রমিচের অবস্থান ঠিক দুই মেরুতে। ওয়েস্ট ব্রমের অবস্থান তলানিতে আর চেলসির অবস্থান শীর্ষে। কিন্তু গতরাতের ম্যাচে তা বোঝার উপায় থাকল কই? ওয়েস্ট ব্রমের মাঠে যে ১-১ ড্রতেই সন্তুষ্ট থাকতে হয়েছে হোসে মরিনহোর দলকে।
পয়েন্ট টেবিলে মরিনহোর দলের অবস্থান এখন ১-এ। ‘ব্লু’দের পয়েন্ট ৫৭। নিঃশ্বাস দূরত্বে দাঁড়ানো শিরোপার আরেক দাবিদার আর্সেনালের পয়েন্ট ৫৫। তবে নিকটতম প্রতিদ্বন্দ্বীদের তুলনায় এক ম্যাচ বেশি খেলেছে চেলসি।
মরিনহোর মুখে প্রথম হাসি এনে দেন ব্রানিস্লাভ ইভানোভিচ। প্রথমার্ধের শেষ মুহূর্তে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন এ সার্বিয়ান। ব্যস, ওই পর্যন্তই। এরপর স্যামুয়েল ইতো-উইলিয়ানের দুটি শট ওয়েস্ট ব্রমের গোলরক্ষক বেন ফস্টার দারুণভাবে প্রতিহত করে দেন। এক গোলের ব্যবধানে জয় নিয়ে যখন মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে ব্লুরা, ঠিক তখনই অ্যান্টি ক্লাইমেক্স। মরিনহোর মুখের হাসি কেড়ে নিলেন বদলি হিসেবে নামা ওয়েস্ট ব্রমের ভিক্টর আনিচেবে। ৮৭ মিনিটে এ নাইজেরিয়ানের গোলে ম্যাচে সমতায় ফেরে ওয়েস্ট ব্রম।
ম্যাচ শেষে মরিনহোর মুখে অবশ্য প্রতিপক্ষের গুণগান গাইতে শোনা গেল, ‘শেষ ২০ মিনিট রক্ষণভাগে আমরা দুটি ভুল করেছি। সব শেষ মনে করি, তারা যেভাবে চেষ্টা করেছে, এ ফল তাদের প্রাপ্য।’ এএফপি ও ওয়েবসাইট।