চেলসিকে রুখে দিল নিউক্যাসেল
গতবার শিরোপা জেতার পর এবারের মৌসুমটাও দুর্দান্তভাবেই শুরু করেছিল চেলসি। প্রিমিয়ার লিগের প্রথম ১১ ম্যাচ শেষেও পয়েন্ট তালিকার শীর্ষে ছিল তারা। কিন্তু সান্ডারল্যান্ড আর বার্মিংহামের সঙ্গে শেষ দুই ম্যাচ হেরে যাওয়ায় তাদেরকে টপকে শীর্ষস্থানের দখল নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আজকে নিউক্যাসেলের বিপক্ষে জিতে আবার শীর্ষে পৌঁছানোর সুযোগ ছিল তাদের সামনে। কিন্তু শেষ পর্যন্ত নিউক্যাসেলের সঙ্গে ১-১ গোলে ড্র করায় আপাতত দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে গতবারের শিরোপা জয়ীদের।খেলার শুরুতেই ছয় মিনিটের মাথায় অ্যান্ডি ক্যারোলের গোলে এগিয়ে গিয়েছিল নিউক্যাসেল। প্রথমার্ধের শেষ মুহূর্তে সলোমন কালুর গোলে খেলায় সমতা ফেরায় চেলসি। দ্বিতীয়ার্থে জয়সূচক একটা গোলের জন্য মরিয়া হয়ে উঠেছিল দ্রগবা ও আনেলকারা। অধিকাংশ সময়ই বলের দখল ছিল চেলসির কাছেই। বেশ কিছু ভালো সুযোগও সৃষ্টি করেছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত সেগুলোকে গোলে রূপান্তরিত করতে না পারায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় চেলসিকে। সকারনেট।