চেলসিকে রেখে শেষ চারে সিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমস্যাটা এত দিন পর ধরতে পেরেছেন হোসে মরিনহো! সবই আছে তার দলের, শুধু প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার মানসিকতাটাই নেই। আর তার মূল্য দিতে হচ্ছে কদিন পরপরই।

পরশু লিগ কাপে সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচটার কথাই ধরুন। নির্ধারিত সময়ের খেলা শেষ হলো ১-১ সমতায়, একটা গোলও চেলসির নয়! আত্মঘাতী গোলে মরিনহোর দলকে এগিয়ে দেওয়ার পর আবার একটা গোল করে সমতা ফিরিয়েছে সান্ডারল্যান্ড। প্রতিপক্ষের ভুলে পাওয়া সুযোগটা কাজে লাগানো তো দূরের কথা, উল্টো অতিরিক্ত সময়ে আরও একটা গোল খেয়ে বসল চেলসি। ২-১ গোলে জিতে সান্ডারল্যান্ড উঠে গেল লিগ কাপের সেমিফাইনালে। সপ্তাহ দুয়েক আগে প্রিমিয়ার লিগে স্টোক সিটির কাছে হারের পর পরশু আবারও হার। কিছুদিন পর পর এমন ধাক্কা খেয়ে হতাশ চেলসি কোচ, ‘আমার মনে হয় না আমরা খারাপ খেলেছি বলে হেরেছি। আমরা প্রতিপক্ষকে গুঁড়িয়ে না দিয়ে ওদের ঘুরে দাঁড়ানোর সুযোগ দিয়েছি। স্টোক, এভারটন কিংবা অন্য যে ম্যাচগুলোতে আমরা হেরেছি সবগুলোতেই এই সমস্যাটা ছিল।’

চেলসির হারের দিন দারুণ জয় পেয়েছে ইংলিশ লিগের আরেক বড় দল ম্যানচেস্টার সিটি। কিং পাওয়ার স্টেডিয়ামে লিস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে লিগ কাপের সেমিফাইনালে উঠে গেছে ম্যানুয়েল পেলেগ্রিনির দল। এডিন জেকোর জোড়া গোলের পাশাপাশি সিটির হয়ে আরও একটা গোল করেছেন আলেক্সান্দার কোলারভ। চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখ, প্রিমিয়ার লিগে আর্সেনালকে হারানোর পর পরশু এই জয়ে দারুণ ফুরফুরে মেজাজে সিটি কোচ, ‘আমরা যে মানের ফুটবল খেলছি সেটা ধরে রাখাই বড় কথা। চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ বা লিগ কাপ—ম্যাচটা কোথায় হচ্ছে সেটা বড় নয়। হয়তো দলটা একটু বদলায় কিন্তু আমাদের লক্ষ্য একই থাকে।’ এএফপি।