চেলসিকে সিটির ‘উপহার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনের মধ্যে চেলসিকে দুবার হারের স্বাদ উপহার দিল ম্যানচেস্টার সিটি। ২৩ মে প্রথম প্রীতি ম্যাচে ৪-৩ গোলের জয়ের পর পরশু দ্বিতীয় ম্যাচেও সিটি জিতেছে ৫-৩ গোলে।যুক্তরাষ্ট্রের বেসবল দল নিউইয়র্ক ইয়াঙ্কির সঙ্গে যৌথ মালিকানায় যুক্তরাষ্ট্রে একটা নতুন ফুটবল ক্লাব গড়েছে ম্যানচেস্টার সিটি। গত মঙ্গলবার ক্লাবটির নামও ঘোষণা করা হয়েছে—নিউইয়র্ক সিটি ফুটবল ক্লাব। দলটি মাঠে নামবে অবশ্য ২০১৫ সাল থেকে। এ নতুন ক্লাবের আত্মপ্রকাশ উপলক্ষেই মৌসুম শেষ হতেই দুটি প্রীতি ম্যাচ খেলতে দুই ইংলিশ ক্লাবের যুক্তরাষ্ট্রে যাওয়া। সিটিই ছিল আয়োজক। চেলসি তাদের আমন্ত্রিত অতিথি। কিন্তু দুই ম্যাচেই অতিথিকে পরাজয়ের লজ্জা দিল সিটি!প্রথম ম্যাচে ৩-০ গোলে এগিয়ে গিয়েও হারতে হয়েছে। ইয়াঙ্কির বেসবল স্টেডিয়ামে পরশুর ম্যাচে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যাওয়া সিটি শেষ পর্যন্ত জেতে ৫-৩ গোলে। সিটিতে এক বছরের জন্য চুক্তি নবায়নের দিনটি গোল দিয়ে উদ্যাপন করতে পারেননি আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। সামির নাসরি দুটি এবং গারেথ ব্যারি, জেমস মিলনার, এডিন জেকো একটি করে গোল করেছেন। চেলসির হয়ে জোড়া গোল করেছেন রামিরেস, অন্যটি হুয়ান মাতা। এএফপি।