চেলসিকে হারিয়ে আত্মবিশ্বাসী ম্যানইউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 আমরা ভালো খেলেই কমিউনিটি শিল্ড জিতলাম। এবার আরও ভালো কিছুর প্রত্যাশা করতেই পারি। আশা করছি, সময়মতো আমরা ছন্দে ফিরব।দুই বক্তার প্রথমজন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের। দ্বিতীয় কথাটি বলেছেন চেলসি কোচ কার্লো আনচেলত্তি। ইংলিশ মৌসুমের সূচনা ম্যাচ কমিউনিটি শিল্ডের ম্যাচের পরের প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁরা।মৌসুমের সূচনা ম্যাচেই ৩-১ গোলের জয়। তাও আবার লিগের মূল প্রতিদ্বন্দ্বী চেলসির বিপক্ষে। ম্যানইউর আত্মবিশ্বাসের পালে জোর হাওয়া তো লাগারই কথা। ফার্গুসনের কণ্ঠে ঝরে পড়েছে সেই আত্মবিশ্বাসই। এদিকে প্রাক-মৌসুম প্রস্তুতিটাই বাজে হয়েছে লিগসহ গতবারের ডাবলজয়ী চেলসির। কমিউনিটি শিল্ডের ম্যাচ নিয়ে মোট চারটি ম্যাচ হেরেছে তারা। তবে চেলসি কোচ আনচেলত্তির বিশ্বাস, আসল সময়ে ঠিকই জেগে উঠবে তাঁর দল।প্রাক-মৌসুম প্রস্তুতিতে চেলসি হেরেছে আয়াক্স, এইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট আর হামবুর্গের কাছে। হেরে গেল ইংলিশ প্রিমিয়ার লিগের মূল প্রতিদ্বন্দ্বী ম্যানইউর বিপক্ষেও। তবে একটা ব্যাপার, এই ম্যাচগুলোয় খেলেনি চেলসির গুরুত্বপূর্ণ অনেক খেলোয়াড়ই। কেউ বিশ্বকাপের ছুটি কাটিয়ে ফিরেছেন ঠিক, কিন্তু পর্যাপ্ত ম্যাচ ফিটনেস তাঁদের ছিল না। কেউ আবার ভুগছেন হালকা চোটে। কমিউনিটি শিল্ডে হেরে যাওয়ার পর আনচেলত্তি শ্রেয়তর দল জিতেছে বলে ম্যানইউর প্রশংসাই করেছেন। তবে পরাজয়ে মুষড়ে পড়ছেন না, ‘ফল বিবেচনায় প্রাক-মৌসুম প্রস্তুতিটা আমাদের ভালো হয়নি। তবে ভালো ফল না পেলেও অনুশীলন ভালো হয়েছে আমাদের। যারা মাত্রই ফিরেছে, সেই খেলোয়াড়দের অনুশীলনের জন্য আরও কিছুদিন সময় দিতে হবে। প্রাক-মৌসুমের ফলের কথা না ভেবে আমাদের এখন সামনে তাকাতে হবে। আশা করি, প্রিমিয়ার লিগে আমরা ওপরের দিকেই থাকতে পারব।’কিন্তু প্রাক-মৌসুম প্রস্তুতির সঙ্গে কমিউনিটি শিল্ড মেলালে কি চলবে? গত তিন বছরে ইংলিশ মৌসুম সূচনাকারী এই ম্যাচটির যে অন্যরকম একটা মাহাত্ম্য তৈরি হয়েছে। গত তিন বছরে যে দল কমিউনিটি শিল্ড জিতেছে, সেই দলই জিতেছে লিগও। এবার কি তাহলে ম্যানইউর লিগ জয়ের পালা?ম্যানইউতে সে রকম একটা বিশ্বাসই তৈরি হয়েছে। ম্যানইউর সার্বিয়ান ডিফেন্ডার নেমানিয়া ভিদিচ যেমন বললেন, ‘আমার বিশ্বাস, আরও ট্রফি পেতে চলেছি আমরা। এটা কেবল শুরু। আমাদের ভালো একটা দল আছে এবং আজ (গত পরশু) ভালো খেলেছি। এতে এটাও প্রমাণিত হয়েছে যে, জয়ক্ষুধা আছে আমাদের।’ইকুয়েডরিয়ান ফরোয়ার্ড আন্তনিও ভ্যালেন্সিয়া প্রথমে এগিয়ে দিয়েছিলেন দলকে। মেক্সিকান স্ট্রাইকার হাভিয়ের হার্নান্দেজ ম্যানইউর হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচের অভিষেকেই গোল দিয়ে ব্যবধান দ্বিগুণ করেছেন। এরপর সলোমন কালু একটি গোল ফিরিয়ে দিলেও ম্যানইউকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান দিমিতার বারবেতভ। তাঁর গোলটি ছিল ২০টি পাসের ফসল। ভ্যালেন্সিয়ার গোলে অবদান রাখা ছাড়াও ভালো খেলেছেন বিশ্বকাপে ইংলিশ সমর্থকদের হতাশ করা ওয়েইন রুনি। ম্যাচ শেষে ফার্গুসন ছিলেন দারুণ তৃপ্ত একজন লোক, ‘এটি ছিল ফুটবলের দারুণ এক প্রদর্শনী। ওয়েইন রুনি, মাইকেল ওয়েন ও পার্ক জি সুংয়ের মতো খেলোয়াড়েরা ফিটনেসের কাছাকাছি পৌঁছেছে বলে আমি খুশি।’তবে চেলসি কোচ আনচেলত্তি মনে করেন আসল ব্যবধানটা গড়ে দিয়েছেন পল স্কোলসই, ‘স্কোলস দুর্দান্ত খেলোয়াড়। এ ম্যাচে দারুণ খেলেছে সে। আমার মনে হয়, সে-ই ম্যান অব দ্য ম্যাচ।’ এএফপি, ওয়েবসাইট।