চেলসিকে ৩-১ গোলে হারাল আর্সেনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুম শুরুর চেলসি, আর এখনকার চেলসিকে একেবারেই মেলানো যাচ্ছে না। দুর্দান্ত দাপট নিয়েই মৌসুম শুরু করেছিল গতবারের শিরোপা জয়ীরা। প্রথম সাত ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল তারাই। আর দ্রগবা, ল্যাম্পার্ডরা প্রতিপক্ষকে যেভাবে ছয় গোলে, চার গোলে উড়িয়ে দিচ্ছিল, তাতে মনে হচ্ছিল মৌসুম শেষে আরও একবার প্রিমিয়ার লিগের শিরোপাটা তাদের হাতেই উঠতে যাচ্ছে। অন্যদিকে শুরুটা খুব একটা খারাপ না হলেও শিরোপা জয়ের দাবিদার হিসেবে নিজেদের ঠিকমতো প্রতিষ্ঠিত করতে পারছিল না আর্সেনাল। কিন্তু মাঝপর্যায়ে এসে যেন উল্টে গেল দৃশ্যপট। শেষ পাঁচটি ম্যাচে জয়ের মুখ দেখেনি চেলসি। গতকালও আর্সেনালের বিপক্ষে ৩-১ গোলে হেরে অনেকখানিই পিছিয়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা। আর এই জয় দিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে পৌঁছে গেল গানাররা।গত অক্টোবরে নিজেদের মাঠে আর্সেনালকে ২-০ গোলে হারিয়েছিল চেলসি। ২০০৮ সালের নভেম্বরের পর থেকে টানা পাঁচটি ম্যাচেই জয় পেয়েছিল তারা। ইতিহাসের এ আত্মবিশ্বাস নিয়েই আর্সেনালের মাঠে গিয়েছিল চেলসি। কিন্তু এবার প্রথম থেকেই চেলসির ওপর চড়াও হয়ে খেলতে থাকে আর্সেনাল। গোল করার কয়েকটি মোক্ষম সুযোগও তৈরি করেছিলেন ওয়ালকট, ফেব্রিগাসরা। সেগুলো থেকে গোল না পেলেও প্রথমার্ধের শেষ মুহূর্তে (৪৪ মিনিটে) আর হতাশ হতে হয়নি অ্যালেক্সান্ডার সংকে। ফ্যাব্রিগাসের পাস থেকে বল জড়িয়ে দিয়েছেন চেলসির জালে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫১ আর ৫৩ মিনিটে দুটি গোল করে জয় নিশ্চিত করে ফেলেন ফ্যাব্রিগাস আর ওয়ালকট। ৫৭ মিনিটে চেলসি ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিচ একটি গোল শোধ করে ব্যবধানটাই শুধু একটু কমাতে পেরেছেন। ৩-১ গোলের হার নিয়েই ফিরে যেতে হয়েছে চেলসিকে।শেষ আট ম্যাচে মাত্র ছয়টা পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে চেলসি। ১৯৯৮ সালের পর এতটা খারাপ সময় আর কখনোই আসেনি গতবারের শিরোপা জয়ীদের। এ মুহূর্তে চাকরিটা হাতছাড়া হয়ে যাবে কি না, তা নিয়েও কিছুটা সংশয়ে পড়ে গেছেন চেলসি কোচ কার্লো আনচেলত্তি। আর আবারও ঘুরে দাঁড়ানোর আশা ছাড়া এখন আর কীই-বা করতে পারেন তিনি? করেছেনও তা-ই। গতকাল আর্সেনালের কাছে এ হারের পর তিনি বলেছেন, ‘পয়েন্ট তালিকার অবস্থা খুব একটা ভালো না। কিন্তু এটাই বাস্তবতা। তবে আমি খুব বেশি চিন্তিত না। এখন আমাদেরকে আবার ভালো খেলতে হবে। আমি সেই কাজই করে যাব। আর কেউ চাইলে ক্লাব মালিককে (রোমান আব্রামোভিচ) আমার ভবিষ্যত্ সম্পর্কে জিজ্ঞাসা করে আসতে পারেন।’