চেলসিকে ‘বিদায়’ বলেই দিলেন দ্রগবা
চেলসিতে নিজের ভবিষ্যত্টা স্পষ্ট দেখতে পারছেন দিদিয়ের দ্রগবা। চ্যাম্পিয়নস লিগের ট্রফিটা স্ট্যামফোর্ড ব্রিজে প্রথমবারের মতো আনা গেছে তাঁর বীরত্বেই। কিন্তু তার পরেও নিজের ভবিষ্যত্ নিয়ে দারুণ অনিশ্চয়তার মধ্যে আছেন এই আইভরিয়ান ফরোয়ার্ড। বুঝতে পেরেছেন, এই দলে থাকলে পরের মৌসুমটা ডাগ আউটে বসেই কাটিয়ে দিতে হবে। চিরদিন মাঠে রাজত্ব করে আসা দ্রগবার জন্য যা মোটেও সুখকর কিছু নয়।অতএব, সিদ্ধান্তটা মোটামুটি চূড়ান্তই। সতীর্থদের জানিয়ে দিয়েছেন, আগামী মৌসুমে হয়তো তিনি আর লন্ডনে থাকছেন না। ফুটবল সাময়িকী ফ্রান্স ফুটবল গতকাল সোমবার এমনই এক তথ্য জানিয়েছে।সাময়িকীটি জানিয়েছে, চ্যাম্পিয়নস লিগ জিতে দেশে ফিরে রোববার চেলসির খেলোয়াড়েরা যে ‘ওপেন বাস প্যারেডে’ অংশ নিয়েছিলেন, সেখানেই দ্রগবা নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। এ সময় সেখানে বেশ আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। দ্রগবা কান্নায় ভেঙে পড়েন।ফ্রান্স ফুটবলকে দ্রগবা বলেন, ‘আমি আমার সতীর্থদের জানিয়ে দিয়েছি, আগামী মৌসুমে আমরা হয়তো আর একসঙ্গে থাকছি না।’ তিনি আরও বলেন, ‘সিদ্ধান্তটা যখন নিয়েই নিয়েছি, ওদের তা জানিয়ে দেওয়াই শ্রেয় মনে করেছি।’গত তিন বছর ধরেই স্ট্যামফোর্ড ব্রিজ ত্যাগ করার কথা ভাবছিলেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না বলেই জানিয়েছেন তিনি। দ্রগবা বলেছেন, ‘বিদায় বলে দেওয়ার মুহূর্তটি খুবই কঠিন ছিল।’আগামী মৌসুমে নতুন করেই সবকিছু শুরু করতে চায় চেলসি। সে লক্ষ্যে শুরুও হয়ে গেছে নানামুখী তোড়জোড়। এ ধরনের একটি পরিস্থিতিতে চ্যাম্পিয়নস লিগের হিরো দ্রগবা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছেন, এই দলে থাকলে ডাগ আউটে বসেই কাটিয়ে দিতে হবে বেশির ভাগ সময়। দ্রগবা বলেন, ‘সাইড বেঞ্চে বসে অন্যের খেলা দেখতে চাই না। তাই এই সিদ্ধান্ত।’চেলসি ছেড়ে দ্রগবা কোথায় যাবেন। এ নিয়ে জল্পনা-কল্পনাও শুরু হয়ে গেছে। ইংলিশ মিডিয়ার খবর সত্যি হলে দ্রগবার নতুন ফুটবল জীবন শুরু হতে যাচ্ছে খুব সম্ভবত এশিয়ায়। চীনের সাংহাই সেনহুয়া দলে আছে তাঁর খেলার সম্ভাবনা। চীনের এই দলটির কোচ হিসেবে এ মুহূর্তে দায়িত্ব পালন করছেন দ্রগবার সাবেক সতীর্থ, ফ্রান্সের সাবেক তারকা নিকোলাস অ্যানেলকা।