চেলসিতে আঁধার, ম্যানইউতে আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেলসির কোচ কার্লো আনচেলত্তি বুঝে গেছেন, শিরোপা জয়ের সুযোগ ক্ষীণতম। বুঝে গেছেন চেলসিতে আরেকটা মৌসুম থাকা না-থাকাও এখন আর নিজের ইচ্ছার ওপর নেই। চেলসির ইতালিয়ান কোচকে এই উপলব্ধিটা দিয়েছে পরশু ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে ম্যানইউর কাছে ২-১ গোলের হারটাই চেলসির শিরোপা জয়ের শেষ আশাটুকুও নিভিয়ে দিয়েছে। আর সাফল্য না থাকলে চেলসিতে টিকে থাকা অসম্ভবই বলা যায়। চেলসির মালিক রুশ ধনকুবের রোমান আব্রামোভিচ যে বড় সাফল্যবুভুক্ষু!ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে হতাশ আনচেলত্তি ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফির গন্তব্য যেন দিব্য চোখে দেখতে পেয়েছেন, ‘শিরোপা ম্যানইউই জিতছে।’ পরে জানিয়েছেন নিজের ভবিষ্যতের কথা, ‘আমার সঙ্গে আর এক বছরের চুক্তি আছে ক্লাবের। আমি তো থেকে যেতেই চাই, কিন্তু সিদ্ধান্ত নেবে ক্লাব। দেখি কী হয়, তাদের আসলে পুরো মৌসুমটাই বিবেচনায় নেওয়া উচিত।’আনচেলত্তির এই হতাশা পুরো চেলসিরই। গোটা স্টামফোর্ড ব্রিজে সুযোগ পেয়েও তা কাজে লাগাতে না পারার মনঃকষ্ট। স্টামফোর্ড ব্রিজ যখন হতাশার আঁধারে নিমজ্জিত, ওল্ড ট্রাফোর্ডে তখন আলোর বন্যা। লিভারপুলের ১৮টি শিরোপার রেকর্ড ছাড়িয়ে ১৯টি লিগ শিরোপা জয়ের আগাম উৎসবে মেতেছে ম্যানইউর আঙিনা।অন্য রকম একটি অর্জনের পথে রায়ান গিগসও। দ্বাদশ প্রিমিয়ার লিগ শিরোপা জিততে চলেছেন। তবে নিজের অর্জনের চেয়ে গিগস বড় করে দেখছেন দলীয় অর্জনটাকেই, ‘১৫-২০ বছর আগে এটা ভাবাই কঠিন ছিল। সবচেয়ে বড় প্রতিপক্ষকে ছাড়িয়ে যেতে পারা দল ও ম্যানেজারের জন্য দারুণ এক অর্জন।’মৌসুমের প্রায় মাঝপথেই শিরোপার সুবাস পেতে শুরু করে ম্যানইউ। কিন্তু কোচ অ্যালেক্স ফার্গুসন সব সময়ই বলে এসেছেন—এখনো কিছুই নিশ্চিত নয়। অঙ্কের হিসাবে ম্যানইউর শিরোপা নিশ্চিত নয় এখনো। পরের দুটি ম্যাচ থেকে ১ পয়েন্ট পেতে হবে তাদের। তবে এ পর্যায়ে এসে ম্যানইউ কোচ অঙ্কের হিসাবটা ভুলে গেছেন। সোচ্চারে ঘোষণা করেছেন, ‘শিরোপা জিতে যাচ্ছি আমরা। যে একটি পয়েন্ট লাগবে, আমার খেলোয়াড়েরা তা ঠিকই তুলে নেবে।’ এএফপি।