চেলসিতে গৃহযুদ্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হারের যন্ত্রণা কত রকম হতে পারে, ভালোই টের পাচ্ছে চেলসি সমর্থকেরা। চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে যাওয়ার ঘা এখনো শুকায়নি, এরই মধ্যে স্টামফোর্ড ব্রিজে গৃহযুদ্ধের আভাস। হারের দায় চাপাতে গিয়ে বিবাদে জড়িয়ে পড়েছেন দলের উইঙ্গার এডেন হ্যাজার্ড ও কোচ হোসে মরিনহো।

প্রেক্ষাপটটা অবশ্য হ্যাজার্ডেরই তৈরি করা। চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের কারণ খুঁজতে গিয়ে মরিনহোর রক্ষণাত্মক কৌশলের তীব্র সমালোচনা করে হ্যাজার্ড বলেছিলেন, ‘চেলসি ক্লাবটা ফুটবল খেলার জন্য তৈরি হয়নি। আমরা শুধু প্রতি-আক্রমণেই খেলি। আর প্রায়ই আমাকে সবকিছু করতে হয়, এটা তো সহজ কাজ নয়।’

দলের একজন খেলোয়াড়ের কাছ থেকে এমন সমালোচনা শুনতে কেমন লাগছে—পরশু চেলসির অনুশীলনের পর এই প্রশ্ন করা হয়েছিল মরিনহোকে। স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’ অবশ্য প্রথমে চেষ্টা করেছেন বিষয়টা হালকা করে দেখতে, ‘ও তো সমালোচনা করে কিছু বলেনি। নিজের জাতীয় দল (বেলজিয়াম) সম্পর্কেও কয়েক সপ্তাহ আগে সে প্রায় একই কথা বলেছিল।’

সংবাদমাধ্যমে হ্যাজার্ডের কথা বাড়িয়ে লেখা হয়েছে বলেও মন্তব্য করেন মরিনহো, তবে হ্যাজার্ডের মন্তব্যে যে মরিনহো মোটেই খুশি হননি সেটা বোঝা গেল চেলসি কোচে পরের কথাতেই। তাঁর তৈরি ছকে হ্যাজার্ড খেলতে পারেননি বলে মনে করেন মরিনহো, ‘সাধারণত ওর মতো খেলোয়াড়েরাই এ ধরনের মন্তব্য করে, যারা মাঠে কোনো সমস্যা সমাধান করতে পারে না।’

দলের জন্য শতভাগ দিতে হ্যাজার্ড এখনো তৈরি নয় জানিয়ে হারের সব দায় উল্টো হ্যাজার্ডের ওপরে চাপালেন চেলসির পর্তুগিজ কোচ, ‘প্রথম গোলটা কী করে খেলাম, সেটা দেখলেই সবাই বুঝতে পারবে। অ্যাটলেটিকো ম্যাচের প্রথম লেগে উইলিয়ান ছিল লেফট উইংয়ে। যে কারণে লেফটব্যাকে অ্যাশলে কোলের কোনো সমস্যা হয়নি। কিন্তু হ্যাজার্ড এমন ফুটবলার নয় যে, নিচে নেমে রক্ষণকে সাহায্য করবে।’ এএফপি।