চেলসিতে তাঁর ফেরা
যা রটে, তার কিছু সত্য বটে। হোসে মরিনহোর ক্ষেত্রে সত্য হলো পুরোটাই। গুঞ্জনকে সত্য করে চেলসিতেই ফিরে গেলেন মরিনহো। গত শনিবার ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদের পাট চুকিয়ে ফেলার পর মাঝে কেটেছে মাত্র একটা দিন। গতকালই চুক্তিপত্রে সই করে মরিনহো হয়ে গেছেন চেলসির। এর আগে স্ট্যামফোর্ড ব্রিজে চারটি বছর কাটিয়েছিলেন মরিনহো। এবারের চুক্তিটাও হয়েছে চার বছরের। চেলসিই নিশ্চিত করেছে চুক্তির বিষয়টি। ‘হোসে চেলসিতে ফিরে আসায় আমি আনন্দিত। তার ধারাবাহিক সাফল্য, উদ্যম এবং উচ্চাকাঙ্ক্ষাই তাকে অসাধারণ প্রার্থী বানিয়েছে’—ক্লাবের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বলেছেন চেলসির প্রধান নির্বাহী রন গুরলে। ইঙ্গিতটা অবশ্য প্রথমে দিয়েছিলেন মরিনহোই। লন্ডনে যাওয়ার আগে স্পেনে দেওয়া নিজের শেষ সাক্ষাৎকারে মরিনহো স্পষ্টই জানিয়ে দেন, এই সপ্তাহ শেষেই চেলসির কোচ হচ্ছেন তিনি, ‘আমি চেলসির কোচ হওয়া নিয়ে কথা বলতে পারি না। কারণ আমি তা এখনো নই। আমি লন্ডনে যাচ্ছি। মনে হয় সোমবার থেকে সপ্তাহ শেষের কোনো একদিন চেলসির কোচ হব আমি। কারণ সেখানকার মানুষের ভালোবাসাটা আমি বুঝতে পারি এবং জীবনে আপনি ওটাই খুঁজবেন। জীবনটা সুন্দর, কিন্তু ছোট। আপনার যেটা ভালো লাগবে আপনি সেটিই বেছে নেবেন।’ কিন্তু সপ্তাহের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হলো না, চূড়ান্ত ঘোষণাটি এসে গেল লন্ডনে ছুটে যাওয়ার প্রথম দিনেই।ইংলিশ প্রিমিয়ার লিগের ওয়েবসাইটে ঠিক এ রকম একটা ঘোষণা দেওয়া হয়েছিল দিন দুই আগেই। তবে পরক্ষণেই ‘ভুলবশত পোস্ট করা হয়েছিল’ দাবি করে বিবৃতিটি ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলে লিগ কর্তৃপক্ষ।২০০৪ থেকে ২০০৭—চার বছর চেলসির কোচ ছিলেন মরিনহো। চার বছরে ক্লাবকে জিতিয়েছিলেন ছয়টি শিরোপা—দুবার লিগ, দুটি লিগ কাপ, একবার এফএ কাপ ও একবার কমিউনিটি শিল্ড। পাশাপাশি চেলসিকে দুবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে তোলা মরিনহো মন জিতে নিয়েছিলেন স্ট্যামফোর্ড ব্রিজের সমর্থক-খেলোয়াড়দের। কিন্তু ক্লাবের রুশ মালিক রোমান আব্রামোভিচের সঙ্গে মতের মিল না হওয়ায় ২০০৭ সালের সেপ্টেম্বরে নিয়েছিলেন বিদায়। সাফল্যপিপাসু সেই আব্রামোভিচই আবার আস্থা রাখলেন মরিনহোর কাঁধে। এএফপি, রয়টার্স।