চেলসিতে ফিরছেন দ্রগবা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেলসির জার্সি গায়ে আবারও হয়তো এভাবে দেখা যেতে পারে দিদিয়ের দ্রগবাকে
চেলসির জার্সি গায়ে আবারও হয়তো এভাবে দেখা যেতে পারে দিদিয়ের দ্রগবাকে

৩৩ বছর বয়সী স্যামুয়েল ইতোকে বুড়ো বলে ডেকেছিলেন হোসে মরিনহো। কিন্তু এবারের মৌসুমে সেই মরিনহোই নাকি দলে ভেড়াতে যাচ্ছেন ৩৬ বছর বয়সী দিদিয়ের দ্রগবাকে। আর কিছুদিনের মধ্যেই হয়তো এক বছরের চুক্তিতে আবার চেলসিতে ফিরবেন আইভরি কোস্টের এই স্ট্রাইকার।


ইতো আর দ্রগবার মধ্যে অবশ্য অনেক পার্থক্য আছে। মাত্র একটি মৌসুমই চেলসিতে খেলেছেন ক্যামেরুনের স্ট্রাইকার ইতো। আর দ্রগবা ক্যারিয়ারের সুবর্ণ সময়টা কাটিয়েছেন চেলসিতেই। অনেকের চোখে, দ্রগবাই চেলসির সর্বকালের সেরা স্ট্রাইকার। ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত, আট বছরে দ্রগবা জিতেছেন তিনটি প্রিমিয়ার লিগ, চারটি এফএ কাপ। ২০১২ সালে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে ভর করেই প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছিল চেলসি। ক্লাবের কিংবদন্তি এই খেলোয়াড়কে নিয়ে তাই বাড়তি আগ্রহ থাকতেই পারে মরিনহোর।

শুধু খেলোয়াড় না, আরও অনেক ভূমিকাতেও হয়তো দেখা যাবে দ্রগবাকে। মরিনহোর কোচিং দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন আইভরি কোস্টের স্ট্রাইকার। চেলসির জার্সি গায়ে মাঠে নামবেন হয়তো আর একটি মৌসুম।

চেলসির দুই অভিজ্ঞ খেলোয়াড় ফ্রাঙ্ক লাম্পার্ড ও অ্যাশলে কোলের বিদায়ের পর দলকে নেতৃত্ব দেওয়ার মতো খেলোয়াড়েরও অভাব দেখা দিয়েছে ক্লাবটিতে। দ্রগবার অভিজ্ঞতা দিয়ে হয়তো সেই শূন্যতাও ভরাট করতে চায় ব্লুরা।