চেলসিতে ফুরোচ্ছে বেনিতেজের দিন
বিদ্রূপ যদি বৃষ্টির মতো ধেয়ে আসতে থাকে, সমালোচনা তিরের মতো, তখন পরমসহিষ্ণু কারও ধৈর্যের বাঁধও ভেঙে যেতেই পারে। রাফায়েল বেনিতেজের আর দোষ কী! চেলসিতে আসার পর থেকেই ঘরের সমর্থকেরাই হয়ে দাঁড়ায় তাঁর চক্ষুশূল। গত বুধবার এফএ কাপের ম্যাচেও সেই একই দৃশ্য, শুরু থেকেই চেলসির সমর্থকদের দুয়ো। অথচ সেই ম্যাচে মিডলসবরোকে ২-০ গোলে হারিয়েই শেষ আটে পা রেখেছে চেলসি। কিন্তু তিতিবিরক্ত বেনিতেজ বললেন, অনেক হয়েছে, আর নয়! এই মৌসুম শেষেই চেলসি ছাড়বেন বলে জানিয়ে দিলেন সাফ। স্ট্যামফোর্ড ব্রিজে জনপ্রিয় রবার্তো ডি মাত্তেও ছাঁটাই হওয়ার পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেন বেনিতেজ। মাত্তেওর প্রতি আবেগ তো ছিলই, লিভারপুলের কোচ থাকার সময় চেলসিকে নিয়ে বেনিতেজের বিষোদ্গারও ভুলে যায়নি সমর্থকেরা। সমর্থকদের তোপ দাগতে শুরু করে প্রথম থেকেই। ভাগ্যও যেন মুখ ফিরিয়ে নিয়েছিল এই স্প্যানিয়ার্ডের দিক থেকে, প্রথম তিনটি ম্যাচে জয় ছিল অধরাই। এরপর সাফল্য পেলেও বিক্ষুব্ধ সমর্থকদের মন তাতে গলেনি। সংবাদ সম্মেলনে নিজের ক্ষোভটা উগরে দিলেন বেনিতেজ, ‘আমি ২৬ বছর ধরে ফুটবল নিয়ে আছি। চ্যাম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপ, এফএ কাপ, ইতালিয়ান সুপার কাপ, দুবার লা লিগাসহ নয়টি শিরোপা জিতেছি। ক্লাব পর্যায়ে যা জেতা সম্ভব তার সবই জিতেছি। সমর্থকদের একটা অংশ দলের জন্য ভালো কিছু করছে না, ব্যানার বানিয়ে ও গান গেয়ে তারা সময় নষ্ট করছে। তাদের বোঝা উচিত তারা বড় একটা ভুল করছে।’ নিজের অন্তর্বর্তীকালীন পদ নিয়ে ইঙ্গিতে চেলসি কর্তৃপক্ষকেও দাঁড় করিয়েছেন কাঠগড়ায়, ‘কারও ভুলের জন্যই এটা হয়েছে। আমাকে তারা ‘অন্তর্বর্তীকালীন’ কোচ করেছে। এই মৌসুম শেষেই আমি চলে যাচ্ছি। আমাকে নিয়ে তাদের আর সময় অপচয় করার দরকার নেই।’তিক্ততার ভেতর দিয়ে ক্লাব ছাড়ার অভিজ্ঞতা এটাই প্রথম নয়। দুঃস্বপ্নের মতো একটা বছর কাটিয়ে ছেড়েছেন লিভারপুল। এরপর ইন্টার মিলানেও সভাপতি মাসিমো মোরাত্তির সঙ্গে মতানৈক্যের জের ধরে বরখাস্ত। এমন মন্তব্যের পর চেলসিতে পুরো মৌসুমটা কাটাতে পারবেন? এএফপি, রয়টার্স।