চেলসিতে যাচ্ছেন না গার্দিওলা
চেলসিতে যাচ্ছেন না। স্ট্যামফোর্ড ব্রিজে স্থায়ী হওয়ার ব্যাপারে কারও সঙ্গে কথাও হয়নি—এমনটাই দাবি করেছেন গতকাল বার্সাকে বিদায় জানানো পেপ গার্দিওলা।স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘এএস’-এর দাবি, চেলসির মালিক রোমান আব্রামোভিচের সঙ্গে গত ফেব্রুয়ারিতে বৈঠক করেন গার্দিওলা। তবে ওই খবর মিথ্যা দাবি করে গার্দিওলা জানিয়েছিলেন, এমনটা হলো তা হতো বার্সার প্রতি অশ্রদ্ধা প্রকাশের শামিল। এখন আবারও মিডিয়ায় জোর গুঞ্জন, গার্দিওলার সঙ্গে যোগাযোগ করেছেন আব্রামোভিচ। আগের মতোই খবরটা নিছক গুজব বলে উড়িয়ে দিয়েছেন বার্সা কোচ। গার্দিওলা জানিয়েছেন, তিনি এখন শুধুই খেলা থেকে বিরতি নিতে চাইছেন।চার বছরে ১৩টি শিরোপা এনে দিয়েছেন। তাঁর অধীনেই ২০০৯ সালে এক বছরে ছয়টি ক্লাব টুর্নামেন্টের সব কটি জেতার বিরল রেকর্ড গড়ে স্প্যানিশ জায়ান্ট বার্সা। অথচ বার্সার ইতিহাসে সফলতম কোচ পেপ গার্দিওলা ক্লাব ছাড়লেন দুঃখ নিয়ে—পরপর দুটি শিরোপা হাতছাড়া হয়ে যাওয়ার দুঃখ।নিজের ক্লান্তি আর বার্সার ভবিষ্যতের কথা জানিয়ে গতকাল শুক্রবার বিদায়ের ঘোষণা দেন গার্দিওলা। ক্লাব ম্যানেজারের অনেক অনুরোধের পরও নিজের সিদ্ধান্তে অটল থাকেন স্পেনের সাবেক এই মিডফিল্ডার। জানান, এটাই বার্সার সঙ্গে তাঁর শেষ মৌসুম। চুক্তির মেয়াদ নবায়ন করবেন না তিনি।চেলসির কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয় বার্সাকে। লা লিগার শিরোপা অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে হাতছাড়া হয়নি। লিগে মাত্র চারটি ম্যাচ বাকি। অথচ পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সার ব্যবধান সাত পয়েন্টের। বাস্তবতা বলছে, বার্সেলোনার টানা চতুর্থ লা লিগা শিরোপা জয়ের স্বপ্ন শেষ। এবার শিরোপা যাচ্ছে রিয়ালের ঘরে।গার্দিওলার বিদায়ের নেপথ্যে যে বার্সার লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন-ভঙ্গ, বলার অপেক্ষা রাখে না। সেটা অবশ্য বিদায় ঘোষণার সময় স্বীকারও করে নিয়েছেন গার্দিওলা, ‘গত কয়েক সপ্তাহে আমার থাকা-না থাকা নিয়ে যেসব বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, এর জন্য আমি দুঃখিত। আমি সব সময়ই সংক্ষিপ্ত মেয়াদের চুক্তি চেয়েছি। কারণ, বার্সেলোনায় প্রত্যাশার চাপ খুব বেশি। এখন আমরা মূল দুটি প্রতিযোগিতা থেকে ছিটকে গেছি। আমার সরে যাওয়ার ঘোষণা দেওয়ার এটাই সবচেয়ে ভালো সময়।’