চেলসিতে ৫ কোটির তোরেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফার্নান্দো তোরেসকে পেতে চেয়েছে চেলসি। তোরেসও চেয়েছেন লিভারপুল ছেড়ে চেলসিতে নাম লেখাতে। কিন্তু লিভারপুল কিছুতেই ছাড়তে চাইছিল না তাঁকে। তিন দিন ধরে চলল লড়াইটা। শেষ হলো পরশু, তাতে জয় হলো চেলসি ও তোরেসের। ট্রান্সফার ফির ব্রিটিশ রেকর্ড (পাঁচ কোটি পাউন্ড) গড়ে চেলসিতে নাম লিখিয়েছেন স্প্যানিশ স্ট্রাইকার। একই সঙ্গে বেনফিকা থেকে এক কোটি ৭১ লাখ পাউন্ডে ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইজের সঙ্গেও চুক্তি করেছে চেলসি।জানুয়ারির দলবদলের শেষ দিনটা কাল স্মরণীয় হয়ে রইল ব্রিটেনে। একই দিনে ট্রান্সফার ফির রেকর্ড ভঙ্গ হলো দু-দুবার। প্রথমে রেকর্ড ভেঙেছেন ইংলিশ স্ট্রাইকার অ্যান্ডি ক্যারল। নিউক্যাসল থেকে লিভারপুলে নাম লিখিয়েছেন তিনি তিন কোটি ৫০ লাখ পাউন্ডে। এর আগ পর্যন্ত ২০০৮ সালে রিয়াল মাদ্রিদ থেকে তিন কোটি ২৫ লাখ পাউন্ডে ম্যান সিটিতে নাম লিখিয়ে রবিনহোই গড়েছিলেন ব্রিটিশ ট্রান্সফার ফির রেকর্ড।ইংলিশ স্ট্রাইকার ক্যারলের রেকর্ডটি ছিল মাত্রই কয়েক ঘণ্টার জন্য। লিভারপুল ক্যারলকে নেওয়ার ঘোষণা দেওয়ার পরপরই খবর আসে তোরেসের ঠিকানা বদলের। ব্রিটিশ ট্রান্সফার ফির রেকর্ড ভেঙে তাঁকে দলে নেওয়ার ঘোষণা দেয় চেলসি। সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে ওঠে অ্যানফিল্ড। লিভারপুল সমর্থকেরা ক্লাব প্রাঙ্গণের বাইরে তোরেসের জার্সি-টার্সি পুড়িয়ে করে বহ্ন্যুৎসব। আগামী রোববারই চেলসিতে অভিষেক হয়ে যেতে পারে তোরেসের, স্টামফোর্ড ব্রিজে ইংলিশ প্রিমিয়ার লিগের ‘অগ্নিগর্ভ’ সেই ম্যাচটি লিভারপুলের বিপক্ষে!আবেগ থেকেই ‘অল রেড’ সমর্থকেরা জার্সি পুড়িয়েছে তোরেসের। কেননা, পরশু সকালেও তারা জানত স্প্যানিশ স্ট্রাইকার লিভারপুল ছেড়ে যাচ্ছেন না। কোচ কেনি ডালগ্লিসই দিয়েছিলেন এমন নিশ্চয়তা। কিন্তু শেষ পর্যন্ত হলো এর উল্টো।লিভারপুল ছেড়ে যেতে খারাপ লেগেছে তোরেসেরও। অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ২০০৭-এ নাম লিখিয়েছিলেন ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটিতে। চার বছরের সুখে-দুঃখে পাশে পেয়েছেন সমর্থকদের। কিন্তু সেসব তাঁর কাছে অতীত হয়ে গেল একটি বড় স্বপ্ন পূরণ হওয়ায়। ‘চেলসি এমন একটি দল, যাদের হয়ে আমি খেলতে চাই। প্রতিটি ফুটবলারেরই এই লক্ষ্য থাকে বিশ্বের অন্যতম শীর্ষ ক্লাবে খেলার। আমি নিশ্চিত, ক্যারিয়ারে একটি বড় ধাপে পা রাখছি আমি’—ট্রান্সফার সম্পন্ন করে চেলসি টিভিকে বলেছেন স্পেনের হয়ে ২০০৮-এর ইউরো ও ২০১০ বিশ্বকাপজয়ী তোরেস। যদিও এই দুটি ট্রফি জয়ের অনুভূতি তাঁর কাছে দুই রকম। স্পেন ইউরো জিতেছিল তাঁর গোলে, বিশ্বকাপে কোনো গোল তো পানইনি, ছিলেন হতাশার প্রতিমূর্তি।একটি স্বপ্ন পূরণ করে আরেকটি স্বপ্নের কথা বলেছেন লিভারপুলের হয়ে ১৪২ ম্যাচে ৮১ গোল করা স্ট্রাইকার, ‘চ্যাম্পিয়নস লিগ জয় আমার স্বপ্ন। আমার মনে হয় সতীর্থদের সঙ্গে মিলে সেটি আমি জিততে পারব। আমি চেলসিতে আসতে পেরে খুব খুশি ও গর্বিত।’তোরেসকে পেয়ে চেলসিতেও খুশির বন্যা। সবার হয়ে সেই আনন্দের কথা জানিয়েছেন চেলসির প্রধান নির্বাহী রন গোরলে, ‘ফার্নান্দো তোরেসের মতো একজন খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করাতে পারাটা ক্লাবের জন্য সব দিক থেকেই লাভজনক।’ এএফপি, রয়টার্স।