চেলসিতে ‘নতুন’ মরিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেলসির ওয়েবসাইটে ঢুকলেই আন্দ্রে ভিলাস-বোয়াসের একটা ছবি। ওপরে বড় করে শিরোনাম—চেলসির নতুন কোচ ভিলাস-বোয়াস। ছবির নিচে ক্লাবের আনুষ্ঠানিক বিবৃতি, যেটাতে ভিলাস-বোয়াসের চেলসির কোচ হওয়ার ঘোষণার সঙ্গে লেখা ছিল তাঁকে পেয়ে সবার আনন্দিত হওয়ার কথা, ‘ভিলাস-বোয়াসকে নতুন কোচ হিসেবে ঘোষণা করতে পেরে চেলসি ফুটবল ক্লাব আনন্দিত।’পোর্তোর এই পর্তুগিজ কোচকে পেতে অনেক দিন ধরেই চেষ্টা করে যাচ্ছিল চেলসি। মুখে ‘পোর্তো ছাড়ব না’ বললেও চেলসির কান্ডারি হওয়ার ইচ্ছা ভিলাস-বোয়াসেরও নিশ্চয়ই ছিল। আর না হলে পরশু নিজে থেকেই পোর্তোর সঙ্গে চুক্তি শেষ করে দেবেন কেন! শর্ত অনুযায়ী পোর্তোকে ১৫ মিলিয়ন ইউরো দেওয়ার কথা, ভিলাস-বোয়াসের কাছে পোর্তোর সেই পাওনাটাও দিয়ে দিয়েছে চেলসি।ভিলাস-বোয়াসকে পেয়ে চেলসিতে এত আনন্দ কেন, বিবৃতিতে তা-ও জানিয়ে দেওয়া হয়েছে, ‘আন্দ্রে পদটির জন্য অসাধারণ প্রার্থী ছিলেন। বর্তমানে তরুণ ম্যানেজারদের মধ্যে অন্যতম প্রতিভাবান তিনি। অল্প সময়ের মধ্যেই অনেক কিছু অর্জনও করেছেন।’ দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমেই জিতিয়েছেন ট্রেবল। এরপর ‘নতুন মরিনহো’ নামও পেয়ে যান ফুটবল-বিশ্বে।এই নতুন মরিনহো আসল মরিনহোর পথ অনুসরণ করে এলেন চেলসিতে। চেলসি ‘এলেন’ বলছে না, ‘ব্লু’দের কাছে ৩৩ বছর বয়সী কোচের এটা ফেরা। ২০০৪ থেকে ২০০৭—মরিনহোর এই আমলটায় চেলসির স্কাউট হিসেবে কাজ করেছেন প্রিমিয়ার লিগের সর্বকনিষ্ঠ কোচ হয়ে যাওয়া ভিলাস-বোয়াস। আগে তিন বছর ছিলেন, এবারের চুক্তিটাও ৩ বছরের। এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।