চেলসিতে ‘বিরক্ত’ ডি বোর
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে চেলসি। ব্যাপারটা ঠিক মেনে নিতে পারছেন না ফ্র্যাঙ্ক ডি বোর। আয়াক্স আমস্টারডামের ডাচ কোচের আসলে ভালো লাগেনি যে নেতিবাচক কৌশলে ডি মাত্তেওর দল সেমিফাইনালে বার্সেলোনাকে আটকে দিল। রক্ষণাত্মক কৌশলে প্রথম লেগে ১-০ গোলে জয়ের পর দ্বিতীয় লেগে ২-২ গোলের ড্রই ফাইনালে উঠিয়েছে চেলসিকে। হল্যান্ড ও বার্সেলোনার সাবেক খেলোয়াড় ডি বোরের মতে চেলসির ফাইনালে ওঠাটা এক কথায়, ‘ভয়ংকর’। হল্যান্ডের পত্রিকা আলজিমিন ডাগব্ল্যাডকে বলেছেন, ‘এখনো এটা কীভাবে হয়? এটা সাফল্য লাভের একটা উপায় হতে পারে, তবে আমরা (আয়াক্স) এভাবে খেলি না। লড়াই করে হারলে হারব।’এরপর চেলসির আক্রমণভাগের খেলোয়াড় হুয়ান মাতাকে উদাহরণ হিসেবে টেনেছেন। বলেছেন ওই দুই ম্যাচে মাতা একদম যা-তা খেলেছেন, ‘আপনি যদি মাতাকে জিজ্ঞেস করেন “বার্সার সঙ্গে দুই ম্যাচে আপনি কী করেছেন?” সে বলবে, “আমি অন্ধের মতো রক্ষণকাজ করে গেছি, আর বল পেলেই সেটাকে লাথি মেরে সামনে পাঠিয়ে দিয়েছি।” কিন্তু মাতার তো সৃষ্টিশীল ভূমিকায় থাকার কথা, তাই না?’ ওয়েবসাইট। আগামী ১৯ মে বায়ার্ন মিউনিখের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্নের সঙ্গে শিরোপা লড়াইয়ে নামবে চেলসি।