চেলসিতেই যাচ্ছেন কস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী মৌসুমে আর অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সি গায়ে দেখা যাবে না ডিয়েগো কস্তাকে
আগামী মৌসুমে আর অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সি গায়ে দেখা যাবে না ডিয়েগো কস্তাকে

অর্থকড়ির কাছেই কী শেষ পর্যন্ত হার স্বীকার করতে হবে অ্যাটলেটিকো মাদ্রিদকে? ধনী ক্লাবগুলো প্রতি মৌসুমেই কাঁড়ি কাঁড়ি টাকা ছড়ায় তারকা খেলোয়াড়দের দলে ভেড়ানোর জন্য। এ কারণেই বর্তমান খেলোয়াড়দের ধরে রাখতেই হিমশিম খেতে হচ্ছে অ্যাটলেটিকোকে। এবারের মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো ডিয়েগো কস্তাকেও আগামী মৌসুমে আর দেখা যাবে না অ্যাটলেটিকোর জার্সি গায়ে। ২০১৪-১৫ মৌসুমে কস্তা হয়ে যাবেন চেলসির আক্রমণভাগের অন্যতম প্রধান সেনানী। ৩৫ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফার ফির বিনিময়ে কস্তাকে চেলসি দলে ভেড়াচ্ছে বলে পাকা খবর দিয়েছে গোলডটকম।
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে চেলসিকে হারিয়েই ফাইনালে পা রেখেছে অ্যাটলেটিকো। পেনাল্টি থেকে কস্তাও করেছিলেন একটি গোল। সেই ম্যাচ শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই দলবদলের সবকিছু চূড়ান্ত হয়েছে বলেই খবর। আগের মৌসুমে রাদামেল ফ্যালকাওকেও বেচে দিতে বাধ্য হয়েছিল অ্যাটলেটিকো। ফ্যালকাওয়ের শূন্যতা বুঝতে দেননি যে কস্তা, এবার তাঁকেও হারাতে হচ্ছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা মাদ্রিদের ক্লাবটিকে।
অ্যাটলেটিকো মাদ্রিদে কস্তার সাপ্তাহিক বেতন প্রায় ৫০ হাজার পাউন্ড। চেলসিতে গেলে ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার পাবেন সপ্তাহে প্রায় দেড় লাখ পাউন্ড। চুক্তির মেয়াদ হবে পাঁচ বছরের। প্রায় তিনগুণ বেশি বেতনের প্রস্তাব কস্তা যে অগ্রাহ্য করতে পারবেন না, সেটা হয়তো মেনেই নিয়েছেন অ্যাটলেটিকোর কোচ ডিয়েগো সিমিওনে। সে কারণেই ভবিষ্যত্ নির্ধারণের ভার ছেড়ে দিয়েছেন কস্তার ওপরই।
সম্প্রতি এক সাক্ষাত্কারে সিমিওনে বলেছিলেন, ‘ভবিষ্যতের জন্য কোনটা ভালো হবে, সেটা কস্তার সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে। তার যেকোনো সিদ্ধান্তই আমি সমর্থন করব। এটা খুবই স্বাভাবিক যে চেলসি তাকে নিয়ে আগ্রহ দেখাবে। চেলসি অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী। কস্তাকে ছেড়ে দিতে আমার কোনোই সমস্যা নেই।’
এবারের মৌসুমে এখনো কস্তার ওপর নির্ভর করছে অ্যাটলেটিকোর অনেক কিছু। লা লিগায় আর মাত্র দুটি ম্যাচ জিতলেই ১৯৯৬ সালের পর শিরোপা জয়ের স্বাদ পাবে মাদ্রিদের এ দলটি। আর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী রিয়ালকে হারাতে পারলে তো ইউরোপসেরার মুকুটও উঠবে অ্যাটলেটিকোর মাথায়।
কিন্তু এভাবে বারবার দলের সেরা খেলোয়াড়দের হারাতে হলে কী অ্যাটলেটিকো এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারবে? এবারের মৌসুমের শুরুতে ফ্যালকাও অ্যাটলেটিকো ছেড়ে পাড়ি জমিয়েছিলেন ফরাসি ক্লাব মোনাকোতে। ২০১১ সালেও সার্জিও অ্যাগুয়েরো অ্যাটলেটিকো ছেড়ে যোগ দিয়েছিলেন ম্যানচেস্টার সিটিতে।