চেলসির উল্টো ইতিহাস
তিন ম্যাচ পর রাফায়েল বেনিতেজ দেখা পেলেন ‘জয়’ নামের সেই সোনার হরিণের। পুঁচকে নরশেলানকে পেয়ে গোল-উৎসবই করল চেলসি (৬-১)। কিন্তু এমন জয়ের পরও স্টামফোর্ড ব্রিজে থাকল শ্মশানের নীরবতা। গ্রুপের অন্য ম্যাচে শাখতার হেরে যাওয়ায় নকআউট পর্বের টিকিট পায়নি বর্তমান চ্যাম্পিয়নরা। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে গ্রুপ পর্ব থেকেই বর্তমান চ্যাম্পিয়নদের বিদায় আগে কখনো ঘটেনি।শুধু জিতলেই হতো না, প্রার্থনা করতে হয়েছিল শাখতারের কাছে জুভেন্টাসের হার। সেটা তো হয়ইনি, উল্টো ইতালিয়ান চ্যাম্পিয়নদের কাছে নিজেদের মাঠে হেরে গেছে ইউক্রেনের চ্যাম্পিয়নরা (১-০)। দল বড় জয় পেয়েছে, নিজেকে হারিয়ে খোঁজা ফার্নান্দো তোরেস গোল পেয়েছেন—এই সবকিছু প্রলেপ দিতে পারছে না চেলসির ব্যর্থতার ক্ষতে। বেনিতেজ তাই নিজেদের জয়েই সান্ত্বনা খুঁজে নিচ্ছেন, ‘অন্য খেলাটা আমাদের হাতে ছিল না। আমরা ওই ম্যাচ নিয়ে কিছুই করতে পারতাম না। আমি আগেই বলেছি, আমাদের নিজেদের কাজটা করতে হবে। আমার মনে হয়, ম্যানেজার হিসেবে খেলোয়াড়দের পারফরম্যান্সে আপনাকে সন্তুষ্ট হতেই হবে।’ চ্যাম্পিয়নস লিগজয়ীদের এখন খেলতে হবে ইউরোপা লিগে, বেনিতেজকে মেনে নিতে হচ্ছে এই বাস্তবতাও, ‘মানুষ ইউরোপা লিগ নিয়ে কথা বলছে। প্রতিটি প্রতিযোগিতাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’ ইউরোপা লিগের আগে অবশ্য চেলসিকে নেমে পড়তে হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ের মিশনে। শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচের পরই জাপান উড়ে যাবে চেলসি।বার্সেলোনা আগেই সবার ওপরে থেকে শেষ ষোলো নিশ্চিত করেছিল। ন্যু ক্যাম্পে সবার চোখ ছিল একটা কারণেই—জার্ড মুলারের রেকর্ড কি ভাঙতে পারবেন লিওনেল মেসি? মাত্র দুটি গোল করলেই হয়ে যেত কীর্তিটা। বদলি হিসেবে নেমেছেন মেসি। গোল পাননি। এমনকি এদিন তাঁর দলও বেনফিকার গোলমুখও খুলতে পারেনি। ম্যাচ গোলশূন্য। এ ম্যাচে কয়েকজন তরুণকে বাজিয়ে দেখেছিলেন ভিলানোভা। সেই সুবিধাটা নিতে পারেনি বেনফিকা।দিনের আরেক খবর, ওল্ড ট্রাফোর্ডে রুমানিয়ার ক্লাব ক্লুজের কাছে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড (১-০)। তবে এই হারে ক্ষতি কিছু হয়নি তাদের। আগেই শেষ ষোলো নিশ্চিত করেছিল ইউনাইটেড। চ্যাম্পিয়নস লিগে ইউনাইটেডের হয়ে এটি ছিল স্যার অ্যালেক্স ফার্গুসনের ২০০তম ম্যাচ। সেটি স্মরণীয় হয়ে থাকল না, এই একটা অপ্রাপ্তি রয়ে গেল স্যার ফার্গুসনের। ওদিকে নিজেদের মাঠে স্পার্তাক মস্কোকে ২-১ গোলে হারিয়ে সেল্টিক উঠে গেছে নকআউট পর্বে। আগেই শেষ ষোলোতে ওঠা বায়ার্ন মিউনিখ-ভ্যালেন্সিয়া জিতেছে নিজেদের শেষ ম্যাচ। তবে গোল-ব্যবধানে গ্রুপ চ্যাম্পিয়ন বায়ার্নই। এএফপি। চ্যাম্পিয়নস লিগএক নজরে চেলসি ৬ : ১ নরশেলান শাখতার ০ : ১ জুভেন্টাস বায়ার্ন ৪ : ১ বাতে বরিসভ লিলে ০ : ১ ভ্যালেন্সিয়া বার্সেলোনা ০ : ০ বেনফিকা সেল্টিক ২ : ১ স্পার্তাক মস্কো ম্যানইউ ০ : ১ ক্লুজ ব্রাগা ১ : ২ গ্যালাতাসারাইশেষ ষোলোয়পিএসজি, পোর্তো, শালকে, আর্সেনাল, মালাগা, এসি মিলান, বরুসিয়া ডর্টমুন্ড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, শাখতার, বায়ার্ন, ভ্যালেন্সিয়া, বার্সেলোনা, সেল্টিক, ম্যানচেস্টার ইউনাইটেড, গ্যালাতাসারাই