চেলসির কাছে বার্সেলোনার হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবার্তো ডি মাত্তেওর অধীনে চেলসির ‘পারফেক্ট’ হয়ে ওঠার আরো একটি উদাহরণ বলা যেতে পারে একে। একই সঙ্গে বলা যেতে পারে চেলসির দুর্দমনীয় রক্ষণের প্রদর্শনী। সেই সঙ্গে একে যদি লিওনেল মেসির একটি বিরল ব্যর্থতার দিন বলেন, তাও খুব একটা ভুল বলা হয়না। সব ছাপিয়ে এটি ছিল এমন একটি ম্যাচ যে ম্যাচে পেপ গার্দিওলার বার্সেলোনা হারের স্বাদ নিয়েছে। কথাটা একটু কেমন যেন হয়ে গেল। বার্সেলোনা কি আজেয় কোনো দল নাকি? কাতালানদের সাম্প্রতিক পারফরম্যান্সতো তাই নির্দেশ করছে। ১৬ ম্যাচ পর বার্সেলোনা কাল হেরে গেল। ব্যবধানটা ১-০ গোলের।দিদিয়ের দ্রগবা তিনবছর ধরেই ক্ষোভটা মনে চেপে রেখেছিলেন। কাল প্রথমার্ধের অন্তিম সময়ের তাঁর গোলই আনন্দের জোয়ার বয়ে গেছে স্ট্যামফোর্ড ব্রিজে। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে প্রবল পরাক্রান্ত প্রতিপক্ষ বার্সেলোনার বিপক্ষে এই জয় ন্যু ক্যাম্পে ফিরতি খেলাটি অনেকটাই সহজ বানিয়ে দিলো ‘ব্লুজ’দের। কাল মাঠে ভিন্ন এক কৌশল নিয়ে মাঠে নেমেছিল চেলসি। রবার্তো ডি মাত্তেওর কৌশলটি ছিল বার্সেলোনাকে যথাসম্ভব বলের দখল দিয়ে মনোযোগের সঙ্গে রক্ষণকার্য চালিয়ে যাওয়া। আর তাদের ভুলের জন্য অপেক্ষা করা। ভুলকে কাজে লাগিয়ে গোল করে ম্যাচ নিয়ে বেরিয়ে যাওয়া। এই সহজিয়া কৌশলের কাছেই পরাজিত ‘অজেয়’ বার্সেলোনা দল। লিওনেল মেসি বোতলবন্দীই ছিলেন। কিন্তু তারপরেও কয়েকটি ঝলক ছিল তাঁর চোখে পড়ার মতো। দু’বার তিনি সেস ফ্যাব্রিগাসকে তৈরি করে দিয়েছিলেন গোল পেয়ে যাওয়ার মতো সুযোগ। কিন্তু তা কাজে লাগাতে পারেননি, ইংলিশ মাঠে খেলে এই মৌসুমেই কাতালানিয়াদের সঙ্গে যোগ দেওয়া ফ্যাব্রিগাস। ম্যাচের ৯ মিনিটের মাথাতেই এগিয়ে যেতে পারত বার্সেলোনা। আন্দ্রেস ইনিয়েস্তার পাস থেকে বল পেয়ে আলেক্সিজ সানচেজ চেলসির চেক গোলরক্ষক পিটার চেকের মাথার ওপর দিয়ে গোলে মারলে তা ক্রসবারে প্রতিহত হয়।এই সময় বলের দখল পুরোপুরিই বার্সেলোনার কাছে থাকলেও চেলসিও ফাঁক-ফোকর খুঁজে হানা দিতে থাকে বার্সেলোনার রক্ষণব্যুহে। বিশেষ করে হাওয়ায় ভাসা বলে ফুটে উঠছিল সফরকারীদের দুর্বলতা। এমনই একটি কর্ণার থেকে জন টেরি ও গ্যারি কাহিলের একটি সম্মিলিত প্রচেষ্টা অবশ্য ব্যর্থতায় পর্যবসিত হয়।প্রথমার্ধের ৪৩ মিনিটের সময় লিওনেল মেসির একটি ডিফেন্স চেরা পাস চলে যায় সেস ফ্যাব্রিগাসের পায়ে। ফ্যাব্রিগাস চেলসির গোলরক্ষককে পরাভূত করলেও বল গোলে ঢোকার আগ মুহূর্তে ফিরিয়ে দেন অ্যাশলে কোল। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে গোল পেয়ে যায় চেলসি। গোলটি আসে দারুণ এক প্রতি আক্রমণ থেকে। নিজেদের অর্ধে লিওনেল মেসির পা থেকে বল কেড়ে নিয়ে দারুণ এক লং পাস বাড়ান ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। সেই পাস থেকে বল ধরেন র্যামিরেস। র্যামিরেস বল নিয়ে ডি বক্সে দারুণ এক বল ফেললে তা থেকে গোল করেন দিদিয়ের দ্রগবা। দ্বিতীয়ার্ধে আক্রমণের তোড় আরও বাড়ে বার্সেলোনার। আদ্রিয়ানোর একটি শট দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যর্থ করে দেন চেলসি গোলরক্ষক চেক। একইভাবে ফ্যাব্রিগাসের একটি পাস থেকে সানচেজ ঠিক জায়গামতো বল ধরতে না পারায় তা থেকে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধে বার্সেলোনা আক্রমণের ধারা বাড়িয়ে তুললেও এ সময় চেলসি কিন্তু নিজেদের রক্ষণব্যুহ করে ফেলে আরও আঁটো-সাটো।খেলা শেষ হওয়ার চারমিনিট বাকি থাকতে কার্লোস পুয়োলের একটি হেড দারুণভাবে ফিরিয়ে দেন চেলসি গোলরক্ষক চেক। এসময় চেলসির কৌশল ছিল যথাসম্ভব বলের পেছনে দৌড়ে বার্সেলোনার বল প্লেয়ারদের খেলার জায়গাটি ছোট করে দেওয়া। সেই লক্ষ্যে তারা ছিল অবিচল। খেলার একেবারে ইনজুরি সময়ে পেদ্রোর একটি শট প্রায় শুয়ে-বসে গোলে ঢুকতে দেননি চেলসির রক্ষণব্যুহের সৈনিকেরা। কৌশলবদ্ধ খেলায় প্রায় ‘অজেয়’ বার্সেলোনার বিপক্ষে রক্ষণসেনাদের চোয়ালবদ্ধ লড়াই শেষ পর্যন্ত খুশির জোয়ার বইয়ে দেয় স্ট্যামফোর্ড ব্রিজে। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে দারুণ এক জয় নিয়েই মাঠ ছাড়ে জন টেরি-দ্রগবা-ল্যাম্পার্ড-অ্যাশলে কোল-কাহিল-তোরেসরা।