চেলসির কাছে বিধ্বস্ত ব্ল্যাকপুল
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে ব্ল্যাকপুল। পাঁচ ম্যাচের পাঁচটিতেই জয় পাওয়ায় ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে চেলসি। ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে আছে তারা।শক্তির বিচারে স্পষ্টত পিছিয়ে থাকা ব্ল্যাকপুল এ দিন চেলসির কাছে পাত্তাই পায়নি। আগের চার ম্যাচে ১৭ গোল করা চেলসি ব্ল্যাকপুলকেও গোলের বন্যায় ভাসিয়ে দেয়। প্রথমার্ধেই ফ্লোরেন্ট মালুদার জোড়া এবং সলোমান কালু ও দিদিয়ের দ্রগবার গোলের সুবাদে প্রতিপক্ষকে জর্জরিত করে চেলসি। দ্বিতীয়ার্ধে গোল ব্যবধানটা আরও বাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছেন দিদিয়ের দ্রগবারা। বেশ কয়েকটি সুযোগও পেয়েছেন ফুটবলাররা, কিন্তু গোল হয়নি।দ্রগবার গোলে মাত্র দুই মিনিটের মধ্যেই এগিয়ে যায় চেলসি। ১৩ মিনিট পর মালোদার গোলের পেছনেও যথেষ্ট কৃতিত্ব আছে আইভরিকোস্টের এই তারকা স্ট্রাইকারের। ব্ল্যাকপুলের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের পর দিদিয়ের দ্রগবার প্রতিক্রিয়া, ‘এটা অসাধারণ। বছরজুড়েই আমরা উন্নতি করেছি। প্রতিটি ম্যাচেই চেষ্টা করি যত বেশি সম্ভব গোল করার।’ প্রথমার্ধেই চারটি গোল, অথচ দ্বিতীয়ার্ধে কোনো গোল নেই—এ প্রসঙ্গে দ্রগবা বলেন, ‘দ্বিতীয়ার্ধে আমরা অনেক সুযোগ পেয়েছি, কিন্তু একটিও কাজে লাগাতে পারিনি। ম্যাচের ফল ভালো হলেও বিষয়টি নিয়ে আমাদের ভাবতে হবে।’—রয়টার্স