চেলসির জয় ছিনিয়ে নিল জুভেন্টাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্র করে এই মৌসুমের চ্যাম্পিয়নস লিগে পথচলা শুরু হলো বর্তমান চ্যাম্পিয়ন চেলসির। কাল নিজেদের মাঠে ২ গোলে এগিয়ে গিয়েও ইতালীয় সিরি ‘আ’ চ্যাম্পিয়ন জুভেন্টাসের সঙ্গে ২-২ গোলের এক হতাশাজনক ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।চ্যাম্পিয়নস লিগে নিজের প্রথম ম্যাচে কাল মাঠে নেমেছিলেন ব্রাজিলীয় মিডফিল্ডর অস্কার। ইন্টার ন্যাসিওনেল থেকে এবারই চেলসিতে নাম লেখানো এই মিডফিল্ডার তাঁর দুটি গোলে স্ট্যামফোর্ড ব্রিজের ছেলেদের এগিয়ে দিয়েছিলেন। কিন্তু শেষপর্যন্ত অস্কারের আনন্দ ম্লান করে দিয়ে আরতুরো ভিদাল ও ফ্যাবিও কুয়াগলিয়ারেল্লার গোলে হার এড়ায় জুভেন্টাস। খেলার ৩১ মিনিটে প্রথম গোল পায় চেলসি। অস্কারের শট বানুচ্চির গায়ে লেগে জুভ গোলরক্ষক জিয়ানলুইগি বুফনকে পরাভূত করে। বানুচ্চির গায়ে লেগে দিক পরিবর্তিত না হয়ে হয়ত বলটি ধরে ফেলতে পারতেন বুফন। প্রথম গোলটি যদি অস্কার ভাগ্যগুণে পেয়ে থাকেন, তাহলে তাঁর দ্বিতীয় গোলটিতে ছিল অসাধারণ প্রতিভার দীপ্তি। বক্সের মাথায় এক ছোঁয়ায় একটি পাস ধরে আরেক ছোঁয়ায় শট নেওয়ার জায়গা করে নিয়ে দুর্দান্ত শটে গোলটি করেন এই ব্রাজিলীয়।দুই গোলে এগিয়ে থাকা চেলসির আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হতে দেননি ভিদাল। ৩৮ মিনিটে প্রায় ২০ গজ দূর থেকে নেওয়া ভিদালের শট চেলসি গোলরক্ষক পিওতর চেককে ফাঁকি দিয়ে জালে ঢুঁকে যায়।দ্বিতীয়ার্ধে যেন নতুন উদ্যেমে নিজেদের ফিরে পায় কন্তের জুভেন্টাস। সাইডলাইনে কোচ কন্তে না থাকলেও কন্তের নির্দেশনা যেন অক্ষরে পালন করে দ্বিতীয়ার্ধে চেলসিকে দারুণ চাপে ফেলে দেয় জুভেন্টাস। গোলশোধে মরিয়া জুভরা নিজেদের ফিরে পায় ম্যাচের ৮০ মিনিটে। ফ্যাবিও কুয়াগলিয়ারেল্লার গোলে ম্যাচে সমতা ফেরায় তারা। এই গোলটির জন্য চেলসির সমর্থকেরা অবশ্যই দায়ী করবেন জন টেরিকে। কুয়াগলিয়ারেল্লা টেরিকে বোকা বানান দারুণ ক্যারিশমায়। টেরিকে ফাঁকি দিয়ে কুয়াগলিয়ারেল্লা চেকের পাশ দিয়ে জালে পাঠান বল। খেলা শেষ হওয়ার চার মিনিট বাকী থাকতে সৌভাগ্যই চেলসিকে রক্ষা করে হারের হাত থেকে। জুভেন্টাসের পক্ষে সমতাসূচক গোল করা কুয়াগলিয়ারেল্লার একটি শট বারে লেগে ফেরত আসলে চেলসি পরাজয়ের হাত থেকে রক্ষা পায়। রয়টার্স।