চেলসির জয়ে কেউ খুশি নয়: ক্রুইফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেলাপোকার মতো হাজার বছর টিকে থাকার চেয়ে ডায়নোসর হয়ে এক দিন বেঁচে থাকাও সার্থক। আর তাই চোখ-নাক-মুখ শক্ত করে ঘাড় গুঁজে একের পর এক শট ঠেকিয়ে, রক্ষণকেই মূলমন্ত্র বানিয়ে ইউরোপ জয় করেও যেন মন জিততে পারছে না চেলসি। সাবেক তারকা ফুটবলাররা চেলসির ঠিকানায় প্রশংসার চিঠি পাঠাতে খুবই অনীহ। ইয়োহান ক্রুইফের কথাবার্তা শুনে তো মনে হচ্ছে, তিনি চেলসির ওপর একরকম বিরক্তই। হল্যান্ডের এই কিংবদন্তি ফুটবলব্যক্তিত্ব বলেই দিলেন, চেলসির জয়ে কেউ খুশি নয়! ‘শুধু চেলসির সমর্থকেরা এই জয়ে খুশি হতে পারে। কিন্তু বাকিদের বেলায়, চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ফল যা হলো, তাতে কেউ খুশি নয়।’ দ্য টেলিগ্রাফকে বলেছেন ক্রুইফ।বার্সেলোনায় কোচ ও খেলোয়াড় দুই ভূমিকাতেই সফল ছিলেন। টোটাল ফুটবলের প্রতিষ্ঠাতাদের একজন ক্রুইফের হাতেই নির্মিত হয়েছিল বার্সার ‘ড্রিম টিম’। পেপ গার্দিওলার তৈরি করা পাসিং ফুটবলের ধারণা অনেকখানি ক্রুইফের কাছ থেকে ধার করা। বরাবরই সুন্দর আক্রমণাত্মক ফুটবলের পূজারি। স্বাভাবিকভাবেই চেলসির অতিরক্ষণাত্মক ফুটবলে তাঁর বিরক্ত হওয়ারই কথা। চেলসি যেভাবে চ্যাম্পিয়নস লিগ জিতেছে, সেভাবে জেতার চেয়ে না জেতাই ভালো বলে মন্তব্য ক্রুইফের। সঙ্গে বলেছেন, ‘আমি সবচেয়ে বেশি বিরক্ত হয়েছি এটা দেখে, একটা ফুটবল দল সবকিছুই ভুলে গিয়েও দেখা যাচ্ছে এখন জিততে পারে!’বার্সেলোনাকে যেভাবে আটকে দিয়েছিল চেলসি, প্রায় একইভাবে ফাইনালেও আটকে দিয়েছে বায়ার্নকে। শেষে নিজেদের ইতিহাসে প্রথম ইউরোপ-সেরার ট্রফি জিতেছে টাইব্রেকারে। চেলসির এই জয় সাবেক চ্যাম্পিয়ন বার্সার মনেও তাই জ্বালা ধরিয়ে দিতে পারে। সবচেয়ে বেশি হয়তো জ্বলছেন সেস ফ্যাব্রিগাস। আর্সেনালে খেলেছেন বলে চেলসির সঙ্গে তাঁর ‘শত্রুতা’ ছিল একেবারেই সরাসরি। ফ্যাব্রিগাসও খোঁচা দিয়ে বলেছেন, চেলসির এই জয় ভাগ্যপ্রসূত, ‘অনেকেই বলছে, এই শিরোপার যোগ্য তারা নয়। আসলে যে বছর ভাগ্য আপনার পক্ষে থাকে, সেই বছরটা আপনি নিজের করে নিতে পারেন। আন্দ্রেস ইনিয়েস্তাও যেমন চেলসির বিপক্ষে শেষ মুহূর্তে গোল করেছিল স্টামফোর্ড ব্রিজে। ওই বছরটা আমাদের ছিল, আমরা শিরোপাত্রয়ী (লিগ-কাপ-চ্যাম্পিয়নস লিগ) জিতেছিলাম।’ ওয়েবসাইট।