প্রতিপক্ষ ছিল ইতিহাস। প্রতিপক্ষ ছিল রেকর্ড আর নিজেদের অগোছালো সংসার। আর তাই শুধু নাপোলিকেই নয়, চেলসি হারিয়ে দিল সব বাধাকেই। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ব্রানিস্লাভ ইভানোভিচের গোল নিশ্চিত করল ব্লুদের শেষ আট। প্রথম লেগে ৩-১ গোলে হেরে এসেও দ্বিতীয় লেগ চেলসি জিতে নিল ৪-১ গোলে। ৫-৪ গোলগড়ে উঠে গেল কোয়ার্টার ফাইনালে।ওই ৪-১ গোলেই সিএসকেএ মস্কোকে হারিয়েছে চেলসির সাবেক কোচ হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বাকি দুটি গোল গঞ্জালো হিগুয়েইন আর করিম বেনজেমার। বার্নাব্যুতে গোলশূন্য ড্র হলেও চলত রিয়ালের। কিন্তু রিয়াল প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতেই চেয়েছে। যাতে কোয়ার্টার ফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষকে একটা বার্তা দিয়ে রাখা যায়। তবে বলা যায় না, গতবারের মতো এবারও শেষ আটে বার্সেলোনার সঙ্গে দেখা হয়ে যেতে পারে। তা হচ্ছে কি না সেটা আজ বাংলাদেশ সময় বিকেলেই জানা যাবে। কোয়ার্টার ফাইনালের ড্র আজই।প্রথম রাউন্ডে নাপোলির কাছে ৩-১ গোলে হারার পরই ‘স্পেশাল টু’ আন্দ্রে ভিলাস-বোয়াসের চাকরি একরকম ‘নাই’ হয়ে যায়। পরে প্রিমিয়ার লিগেও হেরে গেলে ছাঁটাই হন। ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব নেন রবার্তো ডি মাত্তেও। ভিলাস-বোয়াসের সঙ্গে দলের সিনিয়রদের দূরত্ব ছিল। মাত্তেও দায়িত্ব নিয়েই সেই ব্যবধান ঘুচিয়ে দিয়েছেন। সেটিরই ফল মিলল পরশু। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এর আগে প্রথম লেগে ২ গোলে পিছিয়ে থাকার পরও জয়ের উদাহরণ ছিল মাত্র তিনটি!২-০ গোলে জিতলেও চলত। ২৮ মিনিটে দিদিয়ের দ্রগবা আর ৪৭ মিনিটে জন টেরি সেই দুটি গোল এনে দিয়েছিলেন। কিন্তু আবারও হিসাব পাল্টে যায় ৫৫ মিনিটে গোরখান ইনলারের গোলে। গোলগড়ে তখন ৪-৩-এ এগিয়ে নাপোলিই। ৭৫ মিনিটে আগুন-গোলা শট নিয়ে পেনাল্টি থেকে গোল করে সমতা আনেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। ওই অবস্থাতেই শেষ হয়ে যায় নির্ধারিত ৯০ মিনিট। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ম্যাচে দুর্দান্ত খেলা দ্রগবার ক্রস থেকে ১০৫তম মিনিটে সেই গোলটাই এনে দেন ইভানোভিচ। সব চেয়ে বড় কথা, ইদানীং চেলসির ব্যর্থতার কারণে ‘বুড়ো হয়ে গেছে’ কথাটা রেকর্ডের মতো যাঁদের কানের কাছে সব সময় বাজছে, সেই তিন খেলোয়াড়ই এনে দিলেন জয়—দ্রগবা, টেরি, ল্যাম্পার্ড।দায়িত্ব নেওয়ার পর তিন ম্যাচেই জয় এনে দেওয়া ডি মাত্তেও মাঠেই একেকটা গোলের পর চপল কিশোরের মতো ছটফট করছিলেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও তিনি উচ্ছ্বসিত, ‘জীবনে অনেক দুর্দান্ত রাতের অভিজ্ঞতাই আমার হয়েছে। কিন্তু এই রাতটা চেলসির ক্লাব ইতিহাসেই ঢুকে গেল। প্রথম লেগে দুই গোলে পিছিয়ে থেকেও জয় পাওয়া তো আর কম কথা নয়।’শেষ পর্যন্ত ইংল্যান্ডের একমাত্র প্রতিনিধি হিসেবে চেলসিই টিকে রইল। এই দুর্দান্ত প্রত্যাবর্তন চেলসিকে ফাইনাল পর্যন্তও নিয়ে যাবে বলে আশা ডি মাত্তেওর। পরশু তাদের উজ্জীবিত লড়াই যারা দেখেছে, তারা মাত্তেওর কথায় খুব একটা আপত্তি কবে বলে মনে হয় না! এএফপি, রয়টার্স।