চেলসির দুর্দান্ত প্রত্যাবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্রই এক ম্যাচ ছিলেন প্রথম একাদশের বাইরে। এর মধ্যেই শুরু হয়ে গিয়েছিল গুঞ্জন। ওল্ড ট্রাফোর্ড থেকে ওয়েইন রুনি চলে যাচ্ছেন এই মৌসুমের পরই। পরে অবশ্য স্যার অ্যালেক্স ফার্গুসন পরিষ্কার করেছেন, ওটা নেহাতই গুজব। চেলসির সঙ্গে এফএ কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম একাদশে রুনিকে রেখে যেন প্রমাণও দিয়েছেন সে কথার। আর কোচের আস্থার প্রতিদান দিলেন মাত্র ১১ মিনিটে। ৫ মিনিটে গোল করে ইউনাইটেডকে প্রথম এগিয়ে দেন হাভিয়ের হার্নান্দেজ। ১১ মিনিটে রুনির গোলে স্কোরলাইন হয় ২-০। তার পরও জিততে পারেনি ইউনাইটেড। রামিরেস ও এডেন হ্যাজার্ডের গোলে ম্যাচ ড্র করে চেলসি (২-২)। এই মৌসুমে বেশ কয়েকটি অবিস্মরণীয় প্রত্যাবর্তনের গল্প লিখেছে ইউনাইটেড। পরশু চেলসিও ঘটিয়েছে দুর্দান্ত প্রত্যাবর্তন। এমনকি জিতেও যেতে পারত চেলসি। শেষ মুহূর্তে ইউনাইটেডের গোলরক্ষক ডেভিড ডি গিয়া দুর্দান্ত এক সেভে বাঁচিয়ে রেখেছেন দলের আশা। ফার্গি সেটা স্বীকারও করলেন, ‘তারা দ্বিতীয়ার্ধে আমাদের চেয়ে অনেক ভালো খেলেছে। এখনো কাপে টিকে থাকতে পেরে আমরা সৌভাগ্যবানই।’ ড্রয়ের পেছনে ক্লান্তিরই ‘হাত’ দেখছেন ইউনাইটেড কোচ, ‘মঙ্গলবারের রাতের ধকলটা (রিয়ালের ম্যাচ) অনেকেই সামলে উঠতে পারেনি। ছেলেরা ক্লান্ত ছিল।’চেলসির কোচ রাফায়েল বেনিতেজ দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েও জয় না পাওয়ায় হতাশ, ‘দ্বিতীয়ার্ধে আমরা ওদের ওপর চড়ে বসেছিলাম। আমরাই ভালো সুযোগ পেয়েছিলাম। খেলাটা আমরাই নিয়ন্ত্রণ করছিলাম।’ ড্রয়ের পর রিপ্লে হবে চেলসির মাঠে। তাতে চেলসি-ইউনাইটেড যে দলই জিতুক, ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনেই ঝাঁপ দিতে হবে তাদের। শেষ চারে প্রতিপক্ষ যে ম্যানচেস্টার সিটি! এএফপি, রয়টার্স।