চেলসির নতুন কোচ রাফায়েল বেনিতেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দ্রে ভিলাস-বোয়াসের পর রবার্তো ডি মাত্তেওকেও কোচের পদ থেকে অপসারণ করেছেন চেলসির মালিক রোমান আব্রামোভিচ। এবার ইংল্যান্ডের অন্যতম শীর্ষ এই ক্লাবটির অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন লিভারপুল ও ইন্টার মিলানের সাবেক কোচ রাফায়েল বেনিতেজ। মাত্র ছয় মাস আগেই চেলসিকে ক্লাব ইতিহাসের প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতিয়েছিলেন ডি মাত্তেও। গত জুনে চেলসির কোচ হিসেবে স্থায়ী নিয়োগও পেয়েছিলেন তিনি। কিন্তু এবারের মৌসুমের প্রথমভাগেই তাঁকে কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়াটা অবাক করেছে অনেককে। এখন নতুন দায়িত্ব নেওয়া বেনিতেজ কত দিন চেলসিতে থাকতে পারবেন, সেটা অনেকের কাছেই একটা বড় প্রশ্ন। কারণ, ঘন ঘন কোচ পাল্টানো চেলসির মালিক রোমান আব্রামোভিচের খুবই প্রিয় একটা কাজ। ২০০৩ সালে চেলসির মালিক হওয়ার পর এ নিয়ে সাতজন কোচ পরিবর্তন করলেন এই রাশিয়ান। তবে নতুন এই ক্লাবের স্থায়িত্ব নিয়ে এই মুহূর্তে ভাবছেন না বেনিতেজ। শিরোপা জয়ের লক্ষ্যেই চেলসির কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন বলে ঘোষণা দিয়েছেন এই স্প্যানিশ কোচ। তিনি বলেছেন, ‘সমর্থকেরা যা চায়, একজন কোচও সেটাই চায়—প্রতিটি ম্যাচ ও শিরোপা জিততে। আমার মনে হয় চেলসি একটা শীর্ষ ক্লাব। আর এ রকম একটা দল নিয়ে শিরোপা জয়ের প্রত্যাশা অবশ্যই করা যায়।’—ইএসপিএন