চেলসির নাপোলি-পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়নস লিগ স্বপ্ন চুরমার হয়েছিল নাপোলিতে। এবার আরেক ইংলিশ ক্লাব চেলসির পথে কাঁটা বিছাতে প্রস্তুত নাপোলি। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াইয়ে আজ বিপর্যস্ত আন্দ্রে ভিলাস-বোয়াসের চেলসিকে আতিথেয়তা দিচ্ছে নাপোলি। আর নিজেদের মাঠে অপ্রতিরোধ্য রিয়াল মাদ্রিদের মুখোমুখি সিএসকেএ মস্কো। চ্যাম্পিয়নস লিগে এই প্রথম মুখোমুখি চেলসি-নাপোলি। ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বশেষ ১০ ম্যাচের মাত্র দুটিতে জেতা চেলসির জন্য নাপোলি বেশ বড় বাধাই। ২০০৮ সালে ১৩ বছর পর ইউরোপা লিগ দিয়ে ফেরার পর ঘরের মাঠে ইউরোপীয় প্রতিযোগিতায় টানা ১১ ম্যাচে অপরাজিত ম্যারাডোনার সাবেক ক্লাব। সান পাওলো স্টেডিয়ামে বিদেশি দলের কাছে নাপোলির সর্বশেষ হার সেই ১৯৯৪ সালে, জার্মানির এইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের কাছে।অন্যদিকে চেলসির কাছে এটি শুধুই কোয়ার্টার ফাইনালের টিকিটপ্রাপ্তির উপলক্ষ নয়, এ ম্যাচই দিয়েই ভাগ্য নির্ধারিত হয়ে যেতে পারে কোচ আন্দ্রে ভিলাস-বোয়াসের।ভিলাস-বোয়াস জানেন না আজ নাপোলির বিপক্ষে না জিতলে তাঁর চাকরিটা থাকবে কি না। তবে অস্বীকার করতে পারছেন না সাম্প্রতিক খারাপ ফল দলের মনোবলকে নিয়ে গেছে একেবারে তলানিতে, ‘পরিস্থিতি এখন এমন, এই খারাপ ফলগুলো আমাদের স্বস্তিতে মাঠে নামতে দিচ্ছে না। নাপোলির বিপক্ষে ম্যাচটি কঠিনই হবে, তবে কীভাবে বিপর্যয় সামলে উঠতে হয় সেটা আমরা গ্রুপ পর্বেই দেখিয়েছি।’ শেষ গ্রুপ ম্যাচে জিততে না পারলে বিদায় হয়ে যেতে পারে, এ অবস্থায় বায়ার লেভারকুসেনকে ২-০-তে হারিয়ে চেলসি চ্যাম্পিয়ন হয়েই উঠেছে নকআউট পর্বে। কিন্তু ঘরোয়া ফুটবলের বাজে ফলে তারা আজ চাপে।সিরি ‘আ’র শেষ দুই ম্যাচে ফিওরেন্তিনা (৩-০) ও শিয়েভোর (২-০) জালে ৫ গোল দেওয়া নাপোলি অবশ্য পাচ্ছে না কোচ ওয়াল্টার মাজ্জারিকে। প্রতিপক্ষ খেলোয়াড়কে ধাক্কা দিয়ে নিষিদ্ধ হয়েছেন মাজ্জারি।আজ বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হতে যাওয়া ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ যতটা না স্বাগতিক সিএসকেএ তার চেয়ে বেশি মস্কোর কুখ্যাত শীত। চলমান তিন মাসের শীতকালীন বিরতিতে অবশ্য চোট ও দলবদলে বেশ ক্ষতিগ্রস্ত সিএসকেএ। আর তাদের খেলতে হচ্ছে এমন একটা দলের বিপক্ষে যারা শেষ ৩০ ম্যাচের ২৭টিতেই জিতেছে। না জেতা ম্যাচ তিনটি আবার বার্সেলোনার বিপক্ষে। এএফপি, রয়টার্স।