চেলসির মধুর প্রতিশোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমা দেশগুলোতে হ্যালোইনের রাত এখন উৎসবের রাত। বুধবার এই রাতে বিচিত্র সব ভূতের সাজে সেজেছিল চেলসির সমর্থকেরা। স্ট্যামফোর্ড ব্রিজে অশরীরী হয়ে চেপে বসা রেফারির ভূতকে কি মনে করিয়ে দেওয়াও একটা উদ্দেশ্য ছিল? এ দিন অবশ্য আর ভগ্নমনোরথ হয়ে বাড়ি ফিরতে হয়নি লন্ডনবাসীকে। আগের রোববারের পরাজয়ের প্রতিশোধ হিসেবে চেলসি লিগ কাপের ম্যাচে ইউনাইটেডকে হারিয়েছে ৫-৪ গোলে। স্কোরলাইন দেখে ভড়কে যাবেন না, এটা মোটেই পেনাল্টি শুটআউটের স্কোর নয়। আগের দিন আর্সেনাল-রিডিংয়ের ম্যাচের পর এই দিনও হয়েছে গোলের মহোৎসব। লিগ কাপের দর্শকদের গাঁটের পয়সা খরচ করে খেলা দেখাটা যেন সুদে-আসলে উসুল হয়ে যাচ্ছে। একটা সময় পর্যন্ত ম্যাচটা অবশ্য রোববারের স্কোরলাইনের কথাই মনে করিয়ে দিচ্ছিল। ৫৯ মিনিটে নানির গোলে যখন ইউনাইটেড ৩-২-এ এগিয়ে গেল, তখন মনে হচ্ছিল, আবারও না স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হয় ডি মাত্তেওর দলকে! শেষমেশ নির্ধারিত সময়েই সমতা ফেরায় চেলসি, এডেন হ্যাজার্ড পেনাল্টি থেকে গোল করে খেলাটাকে নিয়ে যান অতিরিক্ত সময়ে। কিন্তু নাটকের তখনো বাকি ছিল অনেক। ৯৭ মিনিটে ড্যানিয়েল স্টারিজের গোলের পর ১১৬ মিনিটে রামিরেস করেন ৫-৩। রায়ান গিগস অবশ্য শেষ মিনিটে গোল করে খেলাটাকে জমিয়ে দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত পারেনি ইউনাইটেড, তিনবার এগিয়ে গিয়েও তাই নিয়েছে পরাজয়ের তেতো স্বাদ। লিগ কাপে বড় দলগুলো পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসে। এ দিনও ফার্গুসন ও ডি মাত্তেও বেশ কয়েকজন তরুণকে বাজিয়ে দেখেছেন। তরুণদের কয়েকজন যেমন দুর্দান্ত খেলেছেন, তেমনি তাঁদের ভুলের খেসারতও দুই দলকে দিতে হয়েছে বেশ কয়েকবার। তবে রেফারিং নিয়ে এ দিনও অসন্তোষ জানিয়েছেন ডি মাত্তেও, ‘এটা অবিশ্বাস্য যে, সব সময় চেলসিই এমনটার শিকার হয়। আমরা শুধু আশা করব আমাদের সঙ্গে যেন সবাই ন্যায্য আচরণ করেন।’ মজার ব্যাপার হলো, গত পরশু কিন্তু চেলসির পক্ষে দুইবার পেনাল্টির বাঁশি বাজিয়েছেন রেফারি। এই ম্যাচেও রেফারি পক্ষপাতমূলক আচরণ করেছেন কি না, এমন প্রশ্নের জবাবটা অবশ্য মাত্তেও পাশ কাটিয়ে গেছেন। পরাজয়ের ধাক্কা সামলে চেলসির রাজসিক প্রত্যাবর্তনকেই বড় করে দেখছেন চেলসির ইতালিয়ান কোচ, ‘রোববার আমরা দেখিয়েছিলাম ড্রেসিংরুমে আমাদের কয়েকজন বড় চরিত্র আছে। আজ রাতে আবার আমরা সেটা দেখিয়েছি।’ এমন একটা ম্যাচ শেষে ফার্গুসন হতাশ হবেন স্বাভাবিক। তবে ইউনাইটেড কোচের কাঠগড়ায় দলের পর্তুগিজ উইঙ্গার নানি, ‘আমরা ম্যাচটা নিয়ন্ত্রণে রাখা অবস্থাতেই বলটা হারিয়ে তিন নম্বর গোলটা হজম করেছি। নানি একজন অভিজ্ঞ খেলোয়াড়, কিন্তু সে এমন যে, সবাইকেই কাটাতে যায়, যে ব্যাপারে আমি প্রায়ই তাকে নিরুৎসাহিত করি।’ এমন একটা ম্যাচে তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে ১২০ মিনিট খেলার জন্য ‘চিরতরুণ’ রায়ান গিগসের প্রশংসাও করেছেন ফার্গুসন, ‘মাঠে প্রত্যেকের জন্য সে একজন উদাহরণ, এমনকি চেলসির খেলোয়াড়দের জন্যও।’এই জয়ে চেলসি উঠে গেল কোয়ার্টার ফাইনালে। কিন্তু লিভারপুলের দুর্দশা চলছেই। নিজেদের মাঠে সোয়ানসির কাছে ৩-১ গোলে হেরে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এএফপি ও রয়টার্স।