চেলসির রূপকথা
গত ফেব্রুয়ারিতে শেষ ষোলোর প্রথম লেগে নাপোলির কাছে ৩-১ গোলে হারের পর প্রায় সবাই তাদের হিসাব থেকে মুছে ফেলেছিল। সেই তারাই ঘরের মাঠে দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়িয়ে জিতল ৪-১ গোলে। এভাবে কোয়ার্টার ফাইনালে ওঠাতেই বা কী এল-গেল! লন্ডনের নীল দলটির হাতে কোনো ঔপন্যাসিকও তাঁর সর্বোচ্চ ফ্যান্টাসি মিশিয়ে শিরোপা দেখার সাহস পাননি। ভেবে দেখুন হোসে মরিনহোর কথা। সেমিফাইনাল লাইনআপ ঠিক হওয়ার পর পরই রিয়াল মাদ্রিদ কোচ বার্সেলোনার হাতে চেলসির মৃত্যু দেখলেন। কিমাশ্চর্য! সেই চেলসিই বায়ার্ন মিউনিখের মাঠ থেকে শিরোপা নিয়ে উল্লাসনৃত্য করল পরশু। নিখাদ রূপকথা। নাটকের চেয়েও নাটকীয়! চেলসির মাথায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের প্রথম মুকুট দেখে সবাই নিয়তির কারসাজিটাই বেশি দেখবেন। আর ভাগ্যে বিশ্বাসী দিদিয়ের দ্রগবা যে নিয়তিকেই বড় মানবেন, তাতেও আশ্চর্যের কিছু নেই। চেলসির আইভরিয়ান স্ট্রাইকার তাই বলে দিলেন, ‘নিয়তির ওপর আমার অনেক বিশ্বাস। অনেক আগেই এটা লেখা হয়ে গিয়েছিল।’হতে পারে। ২০০৮ মস্কোর ফাইনালে টাইব্রেকারেই ইংলিশ প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড প্রথম শিরোপার স্বাদ নিতে দেয়নি তাদের। চার বছর পর সেই টাইব্রেকারেই ঘুচল চ্যাম্পিয়নস ট্রফির জন্য চেলসির হাহাকার। ১২০ মিনিট ১-১-এ অমীমাংসিত থাকা ম্যাচটা টাইব্রেকারে জিতল ৪-৩-এ। নিয়তির খেলা বলে ওই দ্রগবাই হয়তো পুরো ম্যাচটায় জ্বললেন সর্বোচ্চ ঔজ্জ্বল্যে। প্রথমে নায়ক হলেন ৮৮ মিনিটে অসাধারণ এক হেডে চেলসিকে সমতায় ফিরিয়ে (১-১)। তারপর অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে বক্সের মধ্যে ফ্রাঙ্ক রিবেরিকে ফেলে দিয়ে বায়ার্নকে পেনাল্টি উপহার দিয়ে খলনায়ক! শেষ পেনাল্টি শটে চেলসির জয়সূচক গোল দিয়ে আবার নায়ক। তাই ম্যাচ শেষে আলোর ঝরনাতলায় হলো দ্রগবার উদ্যাপন। ওই পেনাল্টিটা মিস না করলে নায়ক হতে পারতেন আরিয়েন রোবেন। ঢুকে যেতে পারতেন ইতিহাসে। শুধু পেনাল্টি মিসের কথাই কেন বলা? ডাচ উইঙ্গার ২১ মিনিটেও বায়ার্নকে প্রথম এগিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগটা হারিয়েছেন পোস্ট ঘেঁষে বল বাইরে পাঠিয়ে। নায়কের বদলে বায়ার্নে তিনি খলনায়ক। চেলসিতে একসময় খেলতেন পাশাপাশি, হতাশা-বিদীর্ণ রোবেনের অন্তর্জ্বালাটা তাই বুঝতে পেরেছেন দ্রগবা। সাবেক সতীর্থকে ম্যাচ শেষে জড়িয়ে ধরে দ্রগবার সান্ত্বনা দেওয়ার একটা ছবি প্রতীক হয়ে থাকল স্মৃতির ফ্রেমে। নায়ক হতে পারতেন টমাস মুলারও। চেলসির রক্ষণব্যূহে অজস্র আক্রমণের তির ছুড়েও ব্যর্থ বায়ার্নকে প্রথম এগিয়ে দিয়েছিলেন এই তরুণ ফরোয়ার্ড। ৮৩ মিনিটে, দারুণ এক হেডে। ওই গোলটাই স্বাগতিকদের জয়ের তরীটি যখন প্রায় কূলে ভেড়াবে ভেড়াবে মনে হচ্ছিল, তখনই দ্রগবার শেল। ৮৮ মিনিটে চেলসির প্রথম কর্নার কিকটি নিয়েছিলেন হুয়ান মাতা। উড়ে আসা বলে যে শক্তিতে হেড করেন দ্রগবা, গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার হাত ছুঁইয়েও তা ফেরাতে পারেননি। এরপর টাইব্রেকার নামের ভাগ্যপরীক্ষা। তাতেও টসে জিতে ফিলিপ লাম পেলেন জয়ের ইঙ্গিত। টাইব্রেকার হলো বায়ার্ন গ্যালারি প্রান্তে। নয়্যার মাতার নেওয়া প্রথম পেনাল্টিটিই ঠেকালেন। লাম ও নয়্যার স্বয়ং পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দিলেন বায়ার্নকে। তৃতীয় পেনাল্টি থেকেও গোল করলেন মারিও গোমেজ। কিন্তু চতুর্থ ও পঞ্চম পেনাল্টি মিস করলেন ইভিচা ওলিচ ও শোয়েনস্টাইগার। তবে চেলসি আর কোনো পেনাল্টি মিস করেনি। ডেভিড লুইজের পর অ্যাশলি কোল, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ও দ্রগবাও করেন লক্ষ্যভেদ। দ্রগবার শটেই নাটকের শেষ। লালকে বিষাদের রং বানিয়ে মাঠে উৎসবের রং হয়ে উঠল নীল!এ ম্যাচে চেলসি চেলসিই ছিল। ডি মাত্তেওর মন্ত্রে রক্ষণে দেয়াল তুলে দুর্ভেদ্য। আর বায়ার্ন যেন হয়ে গিয়েছিল বার্সেলোনা। পাসিং ফুটবলের পসরা সাজিয়ে আক্রমণাত্মক। যদিও দুটি দলই খেলেছে ৪-২-৩-১ ছকে। কিন্তু সব যোগ-বিয়োগ শেষে সাফল্যের খেরোখাতায় থাকল দুর্ভেদ্য রক্ষণের মধ্যে প্রতি-আক্রমণনির্ভর ফুটবল। আক্রমণ আর পাসিং ফুটবলই তাহলে সবকিছু নয়! অঙ্গীকার আর আত্মবিশ্বাসও কখনো কখনো বড় হয়ে ওঠে!