চেলসির সঙ্গে কোনো ‘যোগাযোগ’ নেই: গার্দিওলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ সালে দায়িত্ব নেওয়ার পর বার্সেলোনাকে পরিণত করেছেন ‘অন্য গ্রহের দলে’। ১৩টি শিরোপা এনে দিয়েছেন, বার্সার হাতে তুলে দিয়েছেন বিশ্ব ক্লাব ইতিহাসে অমরত্ব পাওয়ার চাবিকাঠি। ৪১ বছর বয়সী কোচ পেপ গার্দিওলা সম্পর্কে বলতে গিয়ে এখন সবার বিশেষণেও ঘাটতি দেখা দিয়েছে। আর তিনিই নাকি এই গ্রীষ্মের পর বেকার হয়ে যাচ্ছেন!হ্যাঁ, এই গ্রীষ্মের পর বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে গার্দিওলার। কিন্তু পরবর্তী পদক্ষেপ কী হবে? তিনি কি বার্সেলোনাতেই থেকে যাবেন, নাকি খুঁজবেন নতুন কোনো ঠিকানা। এরই মধ্যে কথা রটেছে এই গার্দিওলা নাকি ইংলিশ ক্লাব চেলসির সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। আগামী মৌসুমে নাকি তাঁকে দেখা যাবে স্ট্যামফোর্ড ব্রিজে।পুরো ব্যাপারটিই চাউর হয়েছে, বার্সেলোনা ও চেলসির মধ্যকার চ্যাম্পিয়নস লিগের মহাগুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে। আর এটাই বিব্রত করেছে গার্দিওলাকে। ব্যাপারটি নিয়ে রীতিমতো উষ্মাই প্রকাশ করেছেন তিনি।‘ব্যাপারটি নিয়ে কথা বলার সময় এটি নয়। পুরোটাই একটি গাল-গল্প ও কষ্ট-কল্পনা ছাড়া আর কিছুই নয়।’ মঙ্গলবার লন্ডনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথাই বেরিয়ে এসেছে গার্দিওলার মুখ থেকে।তিনি বলেন, ‘এই আলোচনাটি কোনো পক্ষের জন্যই সুখকর নয়।’ তাঁর মতে, ‘চেলসির সঙ্গে আমার যোগাযোগ রক্ষা করার কোনো প্রশ্নই ওঠে না। এই মুহূর্তে রবার্তো ডি মাত্তেওর অধীনে ব্লুজরা দারুণ খেলছে। ডি মাত্তেও দলটিকে অসাধারণভাবে পাল্টে দিয়েছে।’ বিতর্কিত কথাবার্তা সংবাদ সম্মেলনে উঠলেও গার্দিওলার দিকে মূল প্রশ্ন ছিল আজ রাতের আগুন-উত্তপ্ত লড়াই নিয়েই। তিন বছর আগের স্মৃতি মনে করে চেলসি না আবার এই ম্যাচে সর্বোচ্চ ক্রীড়াসুলভ ‘হিংস্রতা’ নিয়ে ঝাঁপিয়ে পড়ে! গার্দিওলা মনে করেন, এটা একটা খেলাই। চেলসির দিক দিয়ে প্রতিশোধমূলক কোনো মনোভাব তিনি অনুভব করছেন না।তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সবচেয়ে বেশি প্রয়োজন আমার দলের খেলোয়াড়দের অখণ্ড মনোযোগ। তাঁর মতে, এ ধরনের ম্যাচ খেলতে নামার সময় উপভোগ করার ব্যাপারটিও গুরুত্বপূর্ণ হয়ে দেখা দেয়।’ ওয়েবসাইট।