চেলসির সাতে ল্যাম্পার্ডের চার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে অবলীলায় সব্যসাচী বলে দিতে পারেন। মিডফিল্ডার তিনি, গোল করানোই আসল কাজ। নিজের এই আসল কাজটা তো করেনই, করেন গোল করার কাজও। পরশুই এই দুই ভূমিকাতেই ঔজ্জ্বল্য ছড়ালেন ইংলিশ মিডফিল্ডার। প্রিমিয়ার লিগে ল্যাম্পার্ডের ৪ গোলে অ্যাস্টনভিলাকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি। অন্যদের গোলেও রেখেছেন অবদান।মাইকেল বালাকের চোখে এ মুহূর্তে বিশ্বের সেরা মিডফিল্ডারের গোল করার এই অভ্যাসটা পুরোনো। চেলসির জার্সি গায়ে তাঁর ১৫১ গোলও সে কথাই বলে। চেলসির হয়ে সর্বোচ্চ গোল করার তালিকায় তিন নম্বরে উঠে গেছেন ল্যাম্পার্ড। তাঁর ওপরে আছেন শুধু কেরি ডিক্সন (১৯৩) ও ববি টাম্বলিং (২০২)। তাঁদের দুজনই ছিলেন স্ট্রাইকার।ল্যাম্পার্ড এমনিতেই বিনয়ী। এই ম্যাচে ৪ গোল করে তিনি যেন বিনয়ী হলেন আরও। পরশু যা করলেন, তার কৃতিত্ব ভাগ করে দিয়েছেন সতীর্থদের মধ্যে, ‘পোর্টসমাউথের বিপক্ষে গোল করেছি, ম্যাচের আগে থেকেই তাই ভালো লাগছিল। আজ আবার গোল করে আরও ভালো লাগছে। তবে আপনার সতীর্থরা ভালো না খেললে আপনি কিছুই করতে পারবেন না।’এত কিছু করার পরও অবশ্য পয়েন্ট তালিকায় ম্যানচেস্টার ইউনাইটেডের নিচেই থাকতে হচ্ছে চেলসিকে। বারবেতভের জোড়া গোলে রুনিবিহীন ম্যানইউও পরশু বোল্টনকে হারিয়েছে ৪-০ গোলে। এই জয়ে ৩২ ম্যাচে ৭২ পয়েন্ট ম্যানইউর। চেলসির পয়েন্ট ৭১।তিন রাউন্ড আগে চেলসিকে টপকে শীর্ষস্থানে বসা ম্যানইউ বোল্টনকে বিধ্বস্ত করে শীর্ষেই থাকল। ম্যানইউ পা না হড়কালে তাদের টপকানোটা কঠিনই চেলসির জন্য। বোল্টনের বিপক্ষে ম্যাচে বাড়তি আত্মবিশ্বাসও পেয়েছে অ্যালেক্স ফার্গুসনের দল। কিছুদিন ধরেই ফর্মহীনতায় ভুগতে থাকা বারবেতভ ও নেমানিয়া ভিদিচ ফিরে পেয়েছেন তাঁদের ফর্ম। চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের সঙ্গে খেলা বলে ‘গোল মেশিন’ রুনিকে বিশ্রাম দিয়েও যখন বড় জয় এল। বারবেতভ ফর্মে ফেরায় আক্রমণভাগ নিয়ে চিন্তা আর রইল না, ভিদিচের দুর্দান্ত খেলা রক্ষণ নিয়ে ঘিরে থাকা সামান্য শঙ্কাটুকুও তাদের দূর করে দিয়েছে। এএফপি।