চেলসির সামনে বেনফিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্থান-পতনে ভরা মৌসুমের শেষ দিকে এসে একটা শিরোপার হাতছানি চেলসির সামনে। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায়ের লজ্জাই শুধু নয়, ব্যর্থতা ছিল সব জায়গাতেই—লিগ, লিগ কাপ, এফএ কাপ। ব্যর্থতার এই লম্বা মিছিলের শেষে ইউরোপা লিগটা যেন লন্ডনের ক্লাবটির জন্য খুশির বার্তা। পরশু বাসেলকে ৩-১ গোলে হারিয়ে চেলসি উঠে গেছে ইউরোপের দ্বিতীয় সেরা টুর্নামেন্টের ফাইনালে।প্রথম লেগে বাসেলের মাঠে ২-১ গোলে জেতা নীল দলটি পরশু নিজেদের মাঠে নয় মিনিটে তিন গোল করে জিতেছে ৩-১ গোলে। দুই লেগ মিলিয়ে ৫-২ গোলের অগ্রগামিতা। ১৫ মে আমস্টারডামের ফাইনালে চেলসির প্রতিপক্ষ বেনফিকা, যারা ১৯৯০ সালের পর কোনো ইউরোপিয়ান টুর্নামেন্টের ফাইনালে উঠল প্রথম। প্রথম লেগে ফেনারবাচের মাঠ থেকে ১-০ গোলে হেরে আসা বেনফিকা পরশু নিজেদের মাঠে জিতেছে চেলসির মতোই ৩-১ গোলে। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের অগ্রগামিতায় ফাইনালে পর্তুগিজ ক্লাব।আমস্টারডামের ফাইনালে জিতলে হতাশা কাটিয়ে ওঠার সঙ্গে চেলসি গড়ে ফেলবে অন্য এক রকম একটা ইতিহাসও। আগের মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জয়ের পরের মৌসুমেই ইউরোপা লিগ শিরোপা জয়ের দৃষ্টান্ত কোনো ক্লাবের নেই। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতা চেলসির সামনে এবার সেই অনন্য সুযোগ। ইউরোপা লিগের ফাইনালে ওঠাটাও তাদের প্রথম।ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে স্ট্যামফোর্ড ব্রিজে পরশু প্রথম এগিয়ে গিয়েছিল বাসেলই। প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে গোল করে সুইজারল্যান্ডের ক্লাবটির আশা জাগিয়ে তোলেন মোহামেদ সালাহ। কিন্তু ৫০ থেকে ৫৯—নয় মিনিটে তিন গোল করে বাসেলের ঘুরে দাঁড়ানোর আশায় জল ঢেলে দেন ফার্নান্দো তোরেস, ভিক্টর মোজেস ও ডেভিড লুইজ। ৫০ মিনিটে সমতা ফেরান তোরেস। দুই মিনিট পরই ২-১ করেন মোজেস। ৫৯ মিনিটে দারুণ এক বাঁক খাওয়ানো শটে চেলসির জয় নিশ্চিত করেন লুইজ। প্রথম লেগের যোগ করা সময়ে চেলসির জয়সূচক গোলটিও করেছিলেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারই।ফাইনালে ওঠার আনন্দ নিয়েও চেলসির অন্তর্বর্তী কোচ রাফায়েল বেনিতেজ খুব স্বস্তিতে হয়তো থাকতে পারছেন না। গত নভেম্বরে রবার্তো ডি মাত্তেওকে সরিয়ে তাঁকে কোচ করা হয়। কিন্তু ক্লাব-সমর্থকদের মন তিনি জিততে পারেননি। বেনিতেজ বলেছেন বটে, সমর্থকদের মন তিনি জিতবেন, কিন্তু একের পর এক ব্যর্থতায় তাঁকে ছাঁটাইয়ের দাবিই আরও জোরালো হয়েছে। পরশু স্ট্যামফোর্ড ব্রিজে পুরো ম্যাচজুড়েই যেমন বেনিতেজ শুনে গেলেন ‘হোসে মরিনহোকে ফিরিয়ে আনো’ গগণবিদারি চিৎকার। যদিও বেনিতেজ আশাবাদী দলের সাম্প্রতিক পারফরম্যান্স সমর্থকেরা মেনে নেবে। লিগ কাপের সেমিফাইনালে সোয়ানসি সিটির কাছে হারের পর ১৩ ম্যাচে ১১ জয়ের উদাহরণ টেনে বলেছেন, ‘আমরা আমাদের কাজটা করে যাচ্ছি। আশা করি অধিকাংশ সমর্থকই তা মেনে নেবে।’ রয়টার্স।