চেলসির ‘ডাবল’!
যার দুঃখ, সে-ই বোঝে। গতবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে যখন খেলছিল দল, তিনি বসেছিলেন মাঠের বাইরে। হলুদ কার্ডে আটকে স্বপ্নের ফাইনালটিই খেলা হয়নি। সেই ব্রানিস্লাভ ইভানোভিচ দুঃখমোচন করলেন নাটকীয়ভাবে। তাঁর গোলেই ইউরোপা লিগ জিতল চেলসি, সেই গোলটিও কিনা শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে, ৯৩তম মিনিটে! সার্বিয়ান এই ডিফেন্ডারের হেড অনন্য এক ইতিহাসেও নাম লিখিয়ে দিল চেলসিকে। এই প্রথম কোনো দলের নামের পাশে ইউরোপের সেরা দুটি ট্রফিই থাকল। অবশ্য নয় দিনের মধ্যেই চ্যাম্পিয়নস লিগ শিরোপা অন্য কারও কাছে সমর্পণ করতে হবে চেলসিকে।আরেকটি ঐতিহাসিক অর্জন অবশ্য মুছে যাবে না কখনোই। প্রথম ইংলিশ ক্লাব হিসেবে ইউরোপের তিনটি প্রধান ট্রফিই (তৃতীয়টি বিলুপ্ত কাপ উইনার্স কাপ) জিতল তারা। সারা ইউরোপেই তিন শিরোপার প্রতিটি জেতার কীর্তি আর আছে কেবল বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস এবং আয়াক্সের। এএফপি, রয়টার্স।আমস্টারডামে আয়াক্সেরই মাঠে পরশু বেনফিকার মুখোমুখি হয়েছিল চেলসি। একসময় মনে হচ্ছিল, খেলা বুঝি অতিরিক্ত ৩০ মিনিটেই গড়াবে। ৫৯ মিনিটে ফার্নান্দো তোরেসের করা দুর্দান্ত গোলটি যখন নয় মিনিটেই পেনাল্টি থেকে শোধ করে দিলেন অস্কার কারদোজো। কিন্তু ইউরোপের কোনো ট্রফির জন্য পর্তুগিজ ক্লাবের ৫১ বছরের অপেক্ষাটা দীর্ঘতর করলেন বাঘের ক্ষিপ্রতায় লাফিয়ে ওঠা ইভানোভিচ। গতবার অন্তর্বর্তী কোচের অধীনেই চ্যাম্পিয়নস লিগ জিতেছিল চেলসি। এবার আরেক অন্তর্বর্তীকালীন কোচ রাফায়েল বেনিতেজের হাত ধরেই এল ইউরোপের দ্বিতীয় সেরা ট্রফিটি।খুব সম্ভবত হোসে মরিনহোর কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আগে একটা তৃপ্তি অন্তত সঙ্গী হবে স্প্যানিশ কোচের। বেনিতেজের সেই তৃপ্তি ধরা পড়ল ম্যাচ শেষে তাঁর প্রতিক্রিয়াতেও, ‘পুরো মৌসুমেই খেলোয়াড়েরা কঠোর পরিশ্রম করেছে। আমি খুবই গর্বিত, কারণ এটা মোটেও সহজ ছিল না। আমি সত্যিই খুব তৃপ্ত, গর্বিত।’ ম্যাচ শেষে নায়ক বনে যাওয়া ইভানোভিচ অবশ্য পুরো কৃতিত্ব দিলেন দলকেই, ‘অসাধারণ এক অনুভূতি হচ্ছে। খুবই কঠিন একটা মৌসুম আর এত এত ম্যাচ খেলার পর দলের অবশ্য এটা প্রাপ্য ছিল।’সেই ১৯৬২ সালে ইউরোপিয়ান কাপ জেতার পর খেলা টানা সাতটি ফাইনালে হারল বেনফিকা। ‘লাকি সেভেন’-এও শিকে না ছেঁড়ায় সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন কোচ হোর্হে জেসাস, ‘চেলসি সমর্থকদের চেয়ে বেনফিকার সমর্থকেরা বেশি ভালো ছিল। খেলাটার প্রতি তাদের যে ভালোবাসা, যে আবেগ এবং যে দেশপ্রেম, এর জন্য একটা জয় তাদের প্রাপ্য ছিল।’