চোখ উইকেট আর আকাশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল ধর্মশালায় অনুশীলন শুরুর আগে স্টিভেন স্মিথ l রয়টার্স
কাল ধর্মশালায় অনুশীলন শুরুর আগে স্টিভেন স্মিথ l রয়টার্স

টি-টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সর্বশেষ কবে মুখোমুখি হয়েছে?
রীতিমতো কুইজের প্রশ্ন। উত্তর খুঁজতে ফিরে যেতে হবে ছয় বছর আগে ক্রাইস্টচার্চে। ব্রেন্ডন ম্যাককালামের ৫৬ বলে অপরাজিত ১১৬ রানের ইনিংসে ভর করে ২১৪ রান তুলেছিল নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়াও ছেড়ে কথা বলেনি, ২০ ওভার শেষে ঠিক ২১৪ রান ছিল তাদের স্কোর কার্ডে। ১ ওভারের এলিমিনেটরই আলাদা করেছিল দুই দলকে, জিতেছিল নিউজিল্যান্ড।
২০১০ সালের সেই ফেব্রুয়ারির পর আজ ধর্মশালায় প্রথম মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘বি’র ম্যাচটা জিতে গেলে পয়েন্ট তালিকায় পোক্ত হবে কিউইদের অবস্থান। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার। নাগপুরে স্বাগতিক ভারতকে ভারতেরই অস্ত্রে বধ করে বিশ্বকাপে উড়ন্ত সূচনা হয়েছে নিউজিল্যান্ডের। দক্ষিণ আফ্রিকাকে দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচ সিরিজে হারিয়ে ভারতের বিমানে ওঠা অস্ট্রেলিয়াও তো উড়ছে। জমজমাট এক টি-টোয়েন্টি ম্যাচের বিজ্ঞাপন যেন।
তবে সব উত্তেজনায় জল ঢেলে দিতে পারে ধর্মশালার আবহাওয়া। ম্যাচটা শেষ পর্যন্ত হয় কি না, হলেও কতটুকু হবে, সংশয় এখন তা নিয়েই। ধর্মশালার আকাশে মেঘের ঘনঘটা। আবহাওয়ার পূর্বাভাসে আজ বৃষ্টির সম্ভাবনা শতকরা ৮০ ভাগ।
নাগপুরের ধূলি ওড়ানো উইকেটে ট্রেন্ট বোল্ট ও টিম সাউদিকে বাইরে রেখে সবার প্রশংসা কুড়িয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। কিউই অধিনায়ক কি আজ বোল্ট-সাউদিকে একাদশে ফেরাবেন? তবে এঁদের একজন যে ফিরছেনই সেটা প্রায় নিশ্চিত। ধর্মশালার আবহাওয়া ও উইকেট বড় ভূমিকা রাখবে দল নির্বাচনে।
অস্ট্রেলিয়া কোন ১১ জনকে নিয়ে খেলতে নামবে, বড় প্রশ্ন সেটাই। খুব সম্প্রতি দল নিয়ে অস্ট্রেলিয়া এত পরীক্ষা-নিরীক্ষা করেছে যে তাদের একাদশ নিয়ে ঠিকঠাক ভবিষ্যদ্বাণী করা খুব ঝক্কির কাজ। তবে স্টিভেন স্মিথ সম্ভবত লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে একাদশে নিচ্ছেন। বাঁহাতি স্পিনার অ্যাশটন অ্যাগারও আছেন ১৫ জনের দলে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে চারে নেমে ৪০ বলে ৭৭ রান করে দলকে জিতিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। ওয়ার্নার শেষ ম্যাচেও ব্যাট করেছেন চারে। স্মিথ আজও তাঁকে ওই পজিশনে নামালে ওপেনিংয়ে অ্যারন ফিঞ্চের সঙ্গী হতে পারেন উসমান খাজা কিংবা শেন ওয়াটসনের যেকোনো একজন।
একাদশ যেভাবেই সাজানো হোক না কেন জিবে জল আনা এক লড়াইয়ের প্রতিশ্রুতি দিচ্ছে তাসমান প্রতিবেশীরা। কিন্তু ধর্মশালার আকাশ কি ভুলবে তাতে? এএফপি, ক্রিকইনফো।