চোট-চিকিৎসায় যুক্তরাষ্ট্র যাচ্ছেন সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিদ্দিকুর রহমান
সিদ্দিকুর রহমান

কয়েক বছর ধরে পিঠের ব্যথায় ভুগছেন সিদ্দিকুর রহমান। দেশসেরা গলফারের মাঠের পারফরম্যান্সেও প্রভাব পড়ছে এই চোটের। দেশ-বিদেশের অনেক চিকিৎসকের শরণাপন্ন হয়েও চোট থেকে মুক্তি পাননি। এবার চোটের একটা হেস্তনেস্ত করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। আজই যুক্তরাষ্ট্রের বিমানে চড়বেন সিদ্দিকুর।
কোচের পরামর্শ অনুযায়ী সিদ্দিকুর চিকিৎসা নেবেন ফ্লোরিডায়। যুক্তরাষ্ট্রে তাঁকে থাকতে হবে প্রায় দেড় মাস। কাল ঢাকা ছাড়ার আগে সিদ্দিকুর বললেন, ‘আগামী দুই মাস আমার কোনো খেলা নেই। কোচ অনেক দিন থেকেই আমাকে তাড়া দিচ্ছিলেন যুক্তরাষ্ট্র যেতে। ভাবলাম, এবার ভালোমতো চিকিৎসা করিয়ে আসি।’ সিদ্দিকুরের প্রথম পছন্দ অবশ্য ছিল অস্ট্রেলিয়া। সেখানকার একজন চিকিৎসকের কাছে সময়ও চেয়েছিলেন। কিন্তু ভিসা নিয়ে জটিলতায় অস্ট্রেলিয়ায় যেতে পারলেন না।
এ বছর মোট ৮টি টুর্নামেন্টে অংশ নিয়ে ৫টিতেই কাট মিস করেছেন সিদ্দিকুর। বছরের সেরা সাফল্য পেয়েছেন থাইল্যান্ডের কুইন্স কাপে। গত জুনের ওই টুর্নামেন্টে হয়েছিলেন তৃতীয়, আর গত ফেব্রুয়ারিতে হিরো ইন্ডিয়ান ওপেনে সপ্তম। সর্বশেষ সুইজারল্যান্ডে ওমেগা ইউরোপিয়ান মাস্টার্সেও কাট মিস করেছেন। তবে এবার আশাবাদী যে যুক্তরাষ্ট্রে চিকিৎসা সফল হবে এবং নিজেকে ফিরে পাবেন, ‘লম্বা চিকিৎসার পর আশা করি পুরো ফিট হয়েই ফিরতে পারব।’
যুক্তরাষ্ট্র থেকে ফিরে ২৪-২৭ সেপ্টেম্বর জাপানে অনুষ্ঠেয় এশিয়া প্যাসিফিক ওপেন ডায়মন্ড কাপে অংশ নেবেন সিদ্দিকুর।