চো জুংয়ের আমন্ত্রণ সালাউদ্দিনকে
দক্ষিণ কোরিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি চো জুং ইয়নের আমন্ত্রণে আজ সিউল যাচ্ছেন কাজী সালাউদ্দিন।বাফুফে সভাপতি কাল জানালেন, ‘২০২২ বিশ্বকাপ আয়োজনে জোরালো প্রার্থী হয়ে মাঠে নামছে কোরিয়া। পাশাপাশি ২০০২ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্মরণীয় সাফল্য, এবারের বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড—সব নিয়েই কোরিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন একটা অনুষ্ঠান করতে যাচ্ছে। তারই অংশ হিসেবে ৭ সেপ্টেম্বর ইরানের সঙ্গে একটা প্রদর্শনী ম্যাচ খেলছে কোরিয়া। এই ম্যাচ দেখতে আমাকে সিউলে আমন্ত্রণ জানিয়েছেন জুং। পরদিন সকাল সাড়ে ৭টায় নাশতার টেবিলে আমার সঙ্গে মিটিং করবেন তিনি।’শোনা যাচ্ছে, এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি পদে নির্বাচন করতে পারেন জুং। আবার বিশ্বকাপের আয়োজক হওয়ার লক্ষ্যও তাঁর সামনে। এসব ব্যাপারে বাংলাদেশের সমর্থন কামনা তো থাকবেই। তবে সালাউদ্দিনের ধারণা, ‘এএফসির নির্বাচনে জুং প্রার্থী হবেন না মনে হয়। কোরিয়ার আগামী রাষ্ট্রপতি পদে তিনি নির্বাচন করতে পারেন।’ তাহলে কি বিশ্বকাপের আয়োজক হওয়ার সমর্থনের জন্যই সালাউদ্দিনকে কাছে টানছেন জুং?