চোকার অপবাদ মেনে নিলেন কারস্টেন

একটা সময় ছিল শব্দটা শুনলেই তারা খেপে যেত। মানতে পারত না কিছুতেই। কিন্তু এ নিয়ে এখন আর কোনো লুকোচুরি নেই। ঢাক গুড়গুড় নেই। দক্ষিণ আফ্রিকা এখন নিজ মুখেই স্বীকার করে তারা ‘চোকার’! বড় টুর্নামেন্টের বড় ম্যাচগুলোতেই আর চাপ নিতে পারে না। স্বীকার করলেন দক্ষিণ আফ্রিকার বিদায়ী কোচ গ্যারি কারস্টেনও।
আরও একবার সেমিফাইনালে যাচ্ছেতাইভাবে হারল দক্ষিণ আফ্রিকা। কোনো টুর্নামেন্টে এ নিয়ে নবমবার সেমিফাইনাল খেলল প্রোটিয়ারা। এর মধ্যে মাত্র একবারই শেষ চারের বাধা টপকে ফাইনালে যেতে পেরেছিল তারা। ১৯৯৮ সালে ঢাকায় অনুষ্ঠিত নকআউট বিশ্বকাপে।
১৯৯২ বিশ্বকাপের সেমিফাইনালে হেরেছে ইংল্যান্ডের কাছে। হেরেছে আসলে বৃষ্টি-আইনের কাছেও। ১৯৯৯ বিশ্বকাপের সেই বিখ্যাত সেমিফাইনালে অদ্ভুতুড়ে রানআউটের শিকার হয়ে ম্যাচ টাই করেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে, যেতে পারেনি ফাইনালে। ২০০০ সালে দ্বিতীয় নকআউট বিশ্বকাপে সেমিতে হেরেছে ভারতের কাছে।
নাম পাল্টে নকআউট বিশ্বকাপ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হয়েছে। কিন্তু ভাগ্য পাল্টায়নি তাদের। ২০০২ সালের টুর্নামেন্টটিতে আবার ভারতের কাছে হার শেষ চারে, মাত্র ১০ রানের ব্যবধানে। ২০০৬ সালের চ্যাম্পিয়নস ট্রফির সেমিতে তাদের হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২০০৭ বিশ্বকাপের সেমিফাইনালে আবার অস্ট্রেলিয়ার কাছে হার। সেমিফাইনালের সেই ক্ষতে আবারও রক্তক্ষরণ হলো এবার। গতকাল ইংল্যান্ডের কাছে হারল দক্ষিণ আফ্রিকা।
ম্যাচ শেষে কারস্টেন বলেছেন, ‘নিজেদের কাছে সত্ থাকলে আমাদের মানতেই হবে সেই ঘটনা আবার ঘটল। আমি মনে করি, আমরা আবার “চোক” করেছি। আসলে এখন আমরা এই শব্দটার সঙ্গে যেন মানিয়েই নিতে শিখেছি। এটা অস্বস্তিকর একটা শব্দ, যেটা এখন আমরা স্বস্তিকর বানিয়ে ফেলেছি। যা হয়েছে, সেটা আপনাকে মেনে নিতেই হবে। তবে এটা ভয়াবহ একটা শব্দ।’