চোকিং মঞ্চে চোকাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহেলা জয়াবর্ধনেকে রানআউট করে আকাশে উড়ছেন ড্যারেন স্যামি। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের এই উচ্ছ্বাস অবশ্য শেষ পর্যন্ত ভেসে গেছে শ্রীলঙ্কার বোলিং আর বৃষ্টিতে । প্রথম আলো
মাহেলা জয়াবর্ধনেকে রানআউট করে আকাশে উড়ছেন ড্যারেন স্যামি। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের এই উচ্ছ্বাস অবশ্য শেষ পর্যন্ত ভেসে গেছে শ্রীলঙ্কার বোলিং আর বৃষ্টিতে । প্রথম আলো

১৯৯২ বিশ্বকাপে ছিল বৃষ্টি-দুর্ভাগ্য। ১৯৯৬ বিশ্বকাপে ব্রায়ান লারা নামের অতিমানব। মুহূর্তের ভুলের মাশুল গোনার আক্ষেপ পরের বিশ্বকাপে। ২০০৩, ২০০৭, ২০০৯, ২০১০, ২০১১, ২০১২...প্রতিবারই আছে এমন কোনো না কোনো গল্প। তবে সময়ের পরিক্রমা আর ঘটনার ধারাবাহিকতায় সবগুলো গল্পই পেয়ে গেছে একই শিরোনাম—‘চোক।’ আর গল্পের অনুঘটকের পরিচয় ‘চোকার’। দলটির নাম নিশ্চয়ই আর আলাদা করে বলতে হবে না!
২২ বছর, ৫০ ওভারের বিশ্বকাপের ৬টি আসর, চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ—দক্ষিণ আফ্রিকা আর চোকিংয়ের গাঁটছড়া হার মানায় যেন কোনো ধ্রুপদি প্রেমকাহিনিকেও! গায়ে সেঁটে থাকা এই তকমাকে দূরে ঠেলার মহৌষধের সন্ধান কতভাবেই না করে এসেছে দক্ষিণ আফ্রিকা। কাজ হয়নি কিছুতেই। মার খেয়েছে এমনকি এবি ডি ভিলিয়ার্সের অভিনব পন্থাও। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে গিয়ে সেই সময়ের প্রোটিয়া অধিনায়ক বলেছিলেন, ‘হ্যাঁ, আমরা চোকার, অতীতে অনেকবার চোক করেছি।’ চির-অস্বস্তিকে আপন করে নেওয়াটাও কোনো সুফল দেয়নি। আরেকটি হতাশার টুর্নামেন্ট শেষে সেই ডি ভিলিয়ার্সকেই বলতে হয়েছিল, ‘হয়তো আমরা আরেকবার চোক করেছি!’
এবার ফ্যাফ ডু প্লেসিসের তৈরি চোকিং বর্মটাও বেশ কৌতূহল-জাগানিয়া। সাম্প্রতিক ফর্ম আর কন্ডিশন মিলিয়ে নানা বাস্তবতায় এবার দক্ষিণ আফ্রিকা টপ ফেবারিটদের মধ্যে ছিল না। তাই বলে আন্ডারডগ নিশ্চয়ই নয়! ঢাকায় পা রেখে ডু প্লেসিস বলে দিলেন, ‘সম্ভবত প্রথমবার কোনো টুর্নামেন্টে আমরা আন্ডারডগ।’ ওই ‘সম্ভবত’ শব্দটি তিনি না বললেও পারতেন, বর্ণবাদের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর ছোট-বড় কোনো টুর্নামেন্টেই কখনোই নিজেদের আন্ডারডগ দাবি করতে পারেননি কোনো প্রোটিয়া অধিনায়ক। ডু প্লেসিসের এমন বলার কারণটা বুঝতেও সমস্যা হয় না। আন্ডারডগ মানেই তো বাড়তি চাপ থাকে না। তাঁদের অ্যালার্জি তো ওই চাপ ব্যাপারটিতেই। আর কে না জানে, দক্ষিণ আফ্রিকার কাছে চাপ মানেই চোক। তাহলে সেই মঞ্চ এখন প্রস্তুত!
ডু প্লেসিসের দাওয়াই এ পর্যন্ত কাজে দিয়েছে ভালোই। অনেককেই অবাক করে গ্রুপের প্রথম দল হিসেবে উঠে গেছে সেমিফাইনালে। টানা তিন ম্যাচে শ্বাসরুদ্ধকর চাপেও জিতেছে নিউজিল্যান্ড, হল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে। তবে ওই সবই তো ছিল গ্রুপ ম্যাচ। কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালের মতো নকআউট মঞ্চই তো দক্ষিণ আফ্রিকার চোকিং ক্ষেত্র! ১৯৯৬ ও ২০১১ বিশ্বকাপের কোয়ার্টারে উড়তে থাকা প্রোটিয়ারা অভাবনীয়ভাবে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের কাছে। সেমিফাইনাল হারের প্রতিটিই তো দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের একেকটি দুঃখগাথা। ১৯৯২ সালে তখনকার বৃষ্টি-আইনের নিমর্ম শিকার, ১৯৯৯ বিশ্বকাপে ক্লুজনার-ডোনাল্ডের সেই সর্বনাশা দৌড়, ২০০৭ বিশ্বকাপে ম্যাকগ্রা-টেইটদের কাছে অসহায় আত্মসমর্পণ কিংবা ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে পরিষ্কার ফেবারিট হয়েও শহীদ আফ্রিদির কাছে হার। কখনোই কোনো বিশ্বকাপের ফাইনাল খেলতে পারেনি দক্ষিণ আফ্রিকা, তাদের এই ক্ষতটার বেদনা আরও তীব্র করে তোলে একেকটি সেমিফাইনালে যন্ত্রণাময় হার।
আজকের সেমিফাইনালে ভারতের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ তাই নিজেদের সেই চিরন্তন অস্বস্তির সঙ্গীও। প্রেরণার একটা ম্যাচ অবশ্য এই টুর্নামেন্টেই আছে। ইংল্যান্ডকে ৩ রানে হারানো গ্রুপ পর্বের শেষ ম্যাচটি তো একরকম নকআউটই ছিল, অলিখিত কোয়ার্টার ফাইনাল। সেই চাপের ম্যাচ জিতেই শেষ চারে এসেছে দক্ষিণ আফ্রিকা। 
তবে অলিখিত নকআউট আর লিখিত নকআউট তো এক নয়! প্রত্যাশার পাল্লাটাও যেমন এখন অনেক অনেক ভারী। আরও একবার আশায় বুক বাঁধছেন সমর্থকেরা, সেই ভারটা এখন অনুভব করার কথা ক্রিকেটারদের। দক্ষিণ আফ্রিকার সত্যিকার পরীক্ষা তাই আজই। অশ্বিন-মিশ্রদের সামলাতে হবে ডি ভিলিয়ার্স-ডুমিনিদের, কোহলি-ধোনিদের আটকাতে হবে স্টেইন-তাহিরদের। তবে মিরপুরে আজ অদৃশ্য একটা প্রতিপক্ষও থাকবে প্রোটিয়াদের। মাঠে রক্ত-মাংসের প্রতিপক্ষদের ছাপিয়ে সবচেয়ে বড় প্রতিপক্ষও হয়ে উঠতে পারে তা। চোক!