চোখ এখন বিশ্বকাপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব চ্যাম্পিয়নদের মাটিতে নামিয়ে এনেছে ব্রাজিল। পেদ্রো-ইনিয়েস্তারা পরাজয়ের  বেদনায় বসে পড়লেন মাটিতেই! ষ রয়টার্স
বিশ্ব চ্যাম্পিয়নদের মাটিতে নামিয়ে এনেছে ব্রাজিল। পেদ্রো-ইনিয়েস্তারা পরাজয়ের বেদনায় বসে পড়লেন মাটিতেই! ষ রয়টার্স

কাজটা তিনি আগেও করেছেন। লুইস ফেলিপে স্কলারি তাই জানেন ব্রাজিল কোচের দায়িত্ব কতটা কঠিন। শুধু জিতলে হয় না, জিততে হয় ব্রাজিলের মতো করে। সেই ব্রাজিলের কোচ হয়ে ফেরার পর তাঁর প্রথম সাত ম্যাচে মাত্র দুটি জয়, চারটা ড্র, একটা হার! র‌্যাঙ্কিংয়ে নামতে নামতে ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে নিচে (২২)। অনেক সমালোচনার পরেও বারবার একটাই কথা বলছিলেন স্কলারি, তাঁর দলটা নতুন। গুছিয়ে ওঠার সময় পেলে এই দলই ঘুরে দাঁড়াবে।

ঘুরে দাঁড়ালও ব্রাজিল। শুরুটা হয়েছিল কনফেডারেশনস কাপের প্রথম ম্যাচ থেকে। ফাইনালে স্পেনকে হারানোর পর ব্রাজিল কোচ নিশ্চিন্তে বলতে পারলেন, ‘আমি এখন স্বপ্ন দেখতে পারি। আমাদের একটা ধারণা আছে কী করতে চাই। আমাদের ভালো একটা দল আছে, যারা বিশ্বকাপের অন্য দাবিদারদের সমতুল্য।’ আত্মবিশ্বাস কিংবা উচ্ছ্বাসের কারণটা আন্দাজ করাও কঠিন কিছু না।

মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় জোড়া গোল করা ফ্রেডকে আলিঙ্গনে বাঁধলেন কোচ লুইস ফেলিপে স্কলারি ষ এএফপি
মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় জোড়া গোল করা ফ্রেডকে আলিঙ্গনে বাঁধলেন কোচ লুইস ফেলিপে স্কলারি ষ এএফপি

  বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে এভাবে হারিয়ে শিরোপা জিতবে ব্রাজিল, এটা যে ভাবেননি স্কলারি নিজেও, ‘আমার পক্ষে এর চেয়ে বেশি খুশি হওয়া সম্ভব নয়। আমি ভেবেছিলাম স্পেনের বিপক্ষে ইতিবাচক কোনো ফল হলেই চমৎকার হবে। কিন্তু ৩-০ গোলের জয়! এটা আমার স্বপ্নের চেয়েও বেশি।’ শুধু কনফেডারেশনস কাপে দারুণ খেলা কিংবা ফাইনালে স্পেনকে হারানোর কারণে নয়, স্কলারিকে স্বপ্ন দেখাচ্ছে তাঁর শিষ্যদের গত কিছুদিনের পারফরম্যান্সও, ‘গত এক মাসে আমরা চার সাবেক বিশ্ব চ্যাম্পিয়নকে (ফ্রান্স, ইতালি, উরুগুয়ে, স্পেন) হারিয়েছি।’ তবে এর মধ্যে স্পেনের বিপক্ষে জয়টা যে সবার চেয়ে আলাদা, বললেন সেটাও, ‘আমি বিশ্বাস করি, শুধু খেলার ফলাফলের কারণে নয়, আমরা যেভাবে খেলেছি সেটা আসলেই দারুণ।’ নিজেদের পারফরম্যান্সে কোচের মতো উচ্ছ্বসিত নেইমারও। তবে সেই উচ্ছ্বাসে ভেসে না গিয়ে বরং লাগাম টেনে ধরে রাখার পক্ষপাতী তিনি, ‘আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে, পা মাটিতে রাখতে হবে। আমরা দারুণ খেলেছি এবং সঠিক পথেই আছি। আমাদের কিছুটা সময় দরকার ছিল, সেটা আমরা পেয়েছি। এখন আমরা একজন অন্যজনকে চিনি এবং শুরুতে যেমন দল ছিলাম, তার চেয়ে এখন আমরা অনেক ভালো।’
অনেক সমালোচনা নিয়ে যে ব্রাজিল কনফেডারেশনস কাপ শুরু করেছিল, সেই ব্রাজিলকেই এখন বিশ্বকাপ শিরোপার অন্যতম দাবিদার বলে দ্বিধাহীনভাবে মানছেন সবাই। একটা টুর্নামেন্ট কিংবা আরও নির্দিষ্ট করে বলতে স্পেনের বিপক্ষে একটা জয় বদলে দিয়েছে সবকিছু। তবে এখনই বিশ্বকাপের শিরোপার স্বপ্ন দেখতে রাজি নন ব্রাজিল গোলরক্ষক হুলিও সিজার, ‘বিশ্বকাপের আরও এক বছর বাকি, এখনো অনেক কিছু হতে পারে। আমি খুব খুশি হতাম এটাই যদি বিশ্বকাপ হতো। তবে এই টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতাও দারুণ।’ এএফপি।