চোখ কপালে তুলে দেওয়া ১০ গোল
ফুটবল তো গোলেরই খেলা। প্রায় প্রতি ম্যাচেই দেখা যায়। কিন্তু মনে দাগ কাটার মতো গোল কি আর হররোজ হয়? তার চেয়েও কম দেখা যায় এমন গোল, যা দেখে চোখ কপালে ওঠে। অবাক বিস্ময়ে বলে উঠতে হয়, ‘গোলটা করল কীভাবে?’ কদিন আগে এমন এক গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আসুন, দেখে নিই এমনই ১০টি গোল—
রোনালদোর মিউল
ভ্যালেন্সিয়ার বিপক্ষে গত সপ্তাহে একেবারে শেষমুহূর্তে একটা গোল করেছিলেন রোনালদো। সেই গোলের সুবাদেই হার এড়িয়েছিল রিয়াল মাদ্রিদ। রোনালদোও পূর্ণ করেছিলেন এবারের মৌসুমে গোলের অর্ধশতক। তবে তাৎপর্যপূর্ণ এসব ঘটনা নিয়ে খুব বেশি কথাই হয়নি। রোনালদো যে অদ্ভুত কায়দায় গোলটি করেছিলেন, সেটা নিয়েই শোরগোল পড়ে গেছে ফুটবল বিশ্বে। অ্যাঙ্গেল ডি মারিয়ার ক্রসটা এসেছিল রোনালদোর ঊরু বরাবর উচ্চতায়। সাধারণত এ ধরনের বল প্রথমে থামিয়ে তার পরই শট নিতে দেখা যায় ফুটবলারদের। কিন্তু এখানেই নিজের অনন্যতা প্রমাণ করেছেন রোনালদো। কাছাকাছি আসার পর বলটিকে থামানোর কোনো চেষ্টাই করেননি। অদ্ভুত কায়দায় এক শট নিয়ে সেটিকে জালে পাঠিয়েছেন।
জোলার ব্যাকহিল
২০০২ সালে এফএ কাপের খেলায় চেলসির জার্সি গায়ে দুর্দান্ত এক গোল করেছিলেন ইতালিয়ান ফরোয়ার্ড জিয়ানফ্রাঙ্কো জোলা। কর্নার থেকে আসা বলটি এমন জায়গায় পড়েছিল যেখানে সরাসরি শট নেওয়ার সুযোগ ছিল না। কিন্তু ইতালিয়ান এই ফরোয়ার্ড প্রায় অবিশ্বাস্যভাবে বলটা জালে জড়িয়েছিলেন ব্যাকহিল করে। নরউইচ সিটির বিপক্ষে সেই ম্যাচটা চেলসি জিতেছিল ৪-০ গোলে। সেই খেলাটির ফলাফলের কথা হয়তো কারোরই মনে নেই। কিন্তু জোলার গোলটা এখনো স্মরণীয় হয়ে আছে।
ইব্রার প্রপেলার কিক
ইংল্যান্ডের জালে বল জড়িয়ে গেছে অথচ ইংলিশ সমর্থকেরাই উঠে দাঁড়িয়ে হাতহালি দিচ্ছেন; এমন দৃশ্য দেখা যায় না বললেই চলে। ২০১২ সালের নভেম্বরে জ্ল্বাতান ইব্রাহিমোভিচের গোলটি দেখার পর অবশ্য হাততালি না দেওয়াটাই অন্যায় হতো। বল ক্লিয়ার করার জন্য বেশ খানিকটাই বাইরে এসে হেড করেছিলেন ইংল্যান্ডের গোলরক্ষক জো হার্ট। কিন্তু ইব্রাহিমোভিচ সেটাকে মাটিতে পড়তে না দিয়েই নিয়েছিলেন এক জোরালো শট। সেটাও উল্টোভাবে। হার্ট নিজের জায়গায় ফিরে যাওয়ার কোনো সুযোগই পাননি। ইংল্যান্ডের এক ডিফেন্ডার বলটি আটকানোর চেষ্টা করেছিলেন বটে। কিন্তু ততক্ষণে সেটা ঠিকই জালে জড়িয়ে গেছে। ম্যাচ শেষে ইংল্যান্ডের অধিনায়ক স্টিভেন জেরার্ড বলেছিলেন, ‘এটাই আমার দেখা সেরা গোল।’ গত বছর ফিফার বর্ষসেরা গোলের পুরস্কারও জিতেছিলেন ইব্রা।
রুনির ওভারহেড কিক
বাইসাইকেল কিক ফুটবলে নতুন কিছু নয়। অনেককেই দেখা গেছে এমন কায়দায় গোল করতে। কিন্তু ২০১১ সালে ম্যানচেস্টার ডার্বিতে রুনি যেভাবে গোলটি করেছিলেন তা স্মরণীয় হয়ে থাকবে দীর্ঘদিন। উত্তেজনাপূর্ণ ম্যাচে রুনির সেই গোলের সুবাদেই ২-১ ব্যবধানের জয় পেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগের ২০ বছরের ইতিহাসের সেরা গোলের পুরস্কারও জিতেছিলেন রুনি।
ডিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’
এটিই সম্ভবত ফুটবল ইতিহাসের অন্যতম বিতর্কিত গোল। ১৯৮৬ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ফুটবল বিশ্বকে রীতিমতো চমকে দিয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা। এভাবেও যে গোল করা যায়, সেটা হয়তো শুধু ম্যারাডোনার মাথাতেই আসা সম্ভব। ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটনকে বোকা বানিয়ে হাত দিয়েই বল জালে ঠেলেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। পরে নিজেই গোলটির নাম দিয়েছিলেন ‘হ্যান্ড অব গড’।
বেকহামের মাঝমাঠ থেকে গোল
১৯৯৬-৯৭ মৌসুমে ঠিক মাঝমাঠ থেকে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছিলেন ডেভিড বেকহাম। শুধু শট নেওয়ার জন্যই শট নেওয়া না, গোল হওয়ার সম্ভাবনা যে আছে সেটাও মাথায় ছিল বেকহামের। উইম্বলডনের গোলরক্ষককে একটু সামনে এগিয়ে আসতে দেখে ঠান্ডা মাথায় জোরালো সেই শটটি নিয়েছিলেন ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক। কয়েক ধাপ পিছিয়ে সেটা আটকানোর চেষ্টা করেছিলেন উইম্বলডনের গোলরক্ষক নেইল সুলিভান। কিন্তু ততক্ষণে বল জালেই জড়িয়ে গেছে। এবারের মৌসুমে প্রায় একই রকমভাবে মাঝমাঠ থেকে গোল করতে দেখা গেছে রুনিকেও।
মাঝমাঠ থেকে হেড করে গোল
২০১১ সালের এ গোলটি দিয়ে বেকহামকেও পেছনে ফেলে দিয়েছেন নরওয়ের মিডফিল্ডার জোন স্যামুয়েলসেন। বেকহাম তো মাঝমাঠ থেকে শটটি নিয়েছিলেন পা দিয়ে। কিন্তু স্যামুয়েলসেন মাঝমাঠ থেকে গোল করেছিলেন হেড করে। প্রতিপক্ষের গোলরক্ষক উঠে এসেছিলেন মাঝমাঠে। গোলপোস্ট ফাঁকা থাকার ফায়দাটা দারুণভাবে কাজে লাগিয়েছিলেন স্যামুয়েলসেন। মাঝমাঠ থেকেই করেছিলেন জোরালো এক হেড। গোলরক্ষক নিজের জায়গায় পৌঁছানোর আগেই বল জড়িয়েছিল জালে।
হার্নান্দেজের উল্টো হেড
বলের দিকে চোখ রেখেই হেড করতে দেখা যায় ফুটবলারদের। কিন্তু ২০১০ সালে ব্রিটানিয়ার বিপক্ষে ঠিক উল্টো কাজটা করেছিলেন জাভিয়ের হার্নান্দেজ। উল্টোভাবে হেড করে বল জালে জড়িয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই মেক্সিকান স্ট্রাইকার। সেই ম্যাচে আরও একটি গোল করেছিলেন হার্নান্দেজ। কিন্তু অপর গোলটির কথা কেউই মনে রাখেনি। উল্টোভাবে হেড দিয়ে কীভাবে এমন গোল করা সম্ভব হলো, সেটা ভেবে হয়তো আজও বিস্মিত হন স্টোক সিটির গোলরক্ষক থমাস সোরেনসেন।
রোনালদোর বুলেট হেড
রোনালদো তখন খেলতেন ম্যানচেস্টার ইউনাইটেডে। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মাঠে নেমেছিলেন ইতালিয়ান ক্লাব রোমার বিপক্ষে। পল স্কোলস ক্রস করেছিলেন রোমার পেনাল্টি বক্সের মধ্যে দাঁড়ানো স্টিভ ব্রুস আর নেমানজা ভিদিকের উদ্দেশে। আশপাশের কোথাও ছিলেন না রোনালদো। আচমকা বুলেট গতিতে ছুটে এসে হেড করেছিলেন এই পর্তুগিজ উইঙ্গার।
মার্কো ভন বাস্তেনের ভলি
১৯৮৮ সালের ইউরো কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল সোভিয়েত ইউনিয়ন ও হল্যান্ড। ৫৪ মিনিটের মাথায় দুর্দান্ত এক ভলি করে বল জালে জড়িয়েছিলেন মার্কো ভন বাস্তেন। এই রকম একটা অ্যাঙ্গেল থেকেও যে এমন ভলি করা যায়, সেটা না দেখলে বিশ্বাস করা মুশকিল। ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা গোলরক্ষক র্যাটস দাসায়েভও সেটি রুখে দিতে পারেননি। ম্যাচটা ২-০ গোলে জিতেছিল হল্যান্ড।