১০০ ও ২০০ মিটার তাঁর প্রিয় ইভেন্ট হলেও লন্ডন অলিম্পিক সামনে রেখে মনোযোগ দিচ্ছেন ১০০ মিটারেই!
চোখ তাঁর ১০০ মিটারে
ইতিহাস বলবে, ১০০ মিটারে তিনি অ্যাথলেটিকস দুনিয়ায় দ্বিতীয় দ্রুততম মানব। উসাইন বোল্টের পরই তাঁর স্থান। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্রুততম মানব। কিন্তু ক্যারিয়ার শেষে যখন নিজের সামর্থ্যের সঙ্গে তুলনা করে প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব মেলাতে বসবেন, ওপরের ওই তথ্যটি নিশ্চিতভাবেই টাইসন গেকে মুড়ে দেবে হতাশায়। প্রতিভা বিচারে প্রাপ্তি যে সামান্যই!২০০৭ সালে ওসাকা বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার, ২০০ মিটার ও ৪x১০০ মিটার রিলে—তখন পর্যন্ত ইতিহাসের দ্বিতীয় অ্যাথলেট হিসেবে তিন ইভেন্টেই সোনা জিতেছিলেন। ১০০ মিটারে তাঁর সেরা সময় তখনকার রেকর্ড ৯.৬৯ সেকেন্ড, ২০০ মিটারে ১৯.৫৮ সেকেন্ড। প্রাপ্তি এটুকুই। তার পর থেকেই বড় কোনো টুর্নামেন্ট মানেই গের হতাশার সঙ্গে বসবাস। কারণটাও সবারই জানা, চোট। চোটই বারবার হানা দিয়ে গের সম্ভাবনাময় ক্যারিয়ারটাকে ধাক্কা দিয়েছে। গের সবচেয়ে বড় আক্ষেপের নাম অলিম্পিক। বিশ্বের সবচেয়ে আলোকিত মঞ্চে এখনো কোনো পদক জেতা হয়নি!আজন্ম এই আক্ষেপটা যুক্তরাষ্ট্রের ২৯ বছর বয়সী সিপ্রন্টার মুছে ফেলতে চান এবার লন্ডনে। সোনা জিততেই হবে এমন নয়, ২০০৮ বেইজিং অলিম্পিকের পর বোল্টকে হারানো একমাত্র সিপ্রন্টার অলিম্পিক মঞ্চে গলায় ঝোলাতে চান অন্তত একটি পদক! সেই লক্ষ্যেই প্রস্তুতিতে নেমে পড়েছেন। কিন্তু এখানেও তাঁর সীমানাটা ছোট করে দিয়েছে চোট! নিতম্বের চোটের কারণে গত বছরের জুলাইতেই শেষ হয়ে যায় তাঁর মৌসুম। প্রবল ইচ্ছা সত্ত্বেও গত বছর দক্ষিণ কোরিয়ার দেগু বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া হয়নি। এখনো পুরোপুরি চোটমুক্ত নন। তাই বাধ্য হয়েই গেকে নিজের পৃথিবীটা ছোট করতে হচ্ছে। ১০০ ও ২০০ মিটার তাঁর প্রিয় ইভেন্ট হলেও লন্ডন অলিম্পিক সামনে রেখে মনোযোগ দিচ্ছেন ১০০ মিটারেই! নিজেই বলছেন, চোটজর্জরিত শরীরটা ১০০ ও ২০০ মিটার—দুই ইভেন্টেই দৌড়ানোর ধকল সমলাতে সক্ষম নয়। ‘ছোটখাটো কিছু চোট আছে। আমি ধীরে ধীরে এগোচ্ছি। তা ছাড়া ডাবলের জন্য আমাকে যা করতে হবে, অনুশীলনে আমি সেই মানের নই’—একসময়ের চ্যাম্পিয়ন গের কণ্ঠটা কাতর শোনায়।২০০৮ বেইজিং অলিম্পিক ট্রায়ালের হিটে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে কপাল পুড়েছিল। ২০০৯ সালে দেখা দেয় কুঁচকির চোট। সর্বশেষ নিতম্বের চোট ছাড়াও ছোটখাটো কিছু সমস্যায় ভুগছেন। নিতম্বের চোটটা গত নভেম্বরের পর থেকে দুবার তাঁর অনুশীলন থামিয়ে দিয়েছে। তাই ১০০ ও ২০০—দুই ইভেন্টে দৌড়ানোর প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় তাঁর নেই। তাই ১০০ মিটারকেই পাখির চোখ করে এগোচ্ছেন গে। শরীর বলছে এটাও সহজ হবে না। কিন্তু আজন্ম আক্ষেপ ঘোচানোর শেষ সুযোগ বলেই গে চ্যালেঞ্জ নিচ্ছেন, ‘আমি নিজেকে কিছুটা চাপে রেখেছি। কারণ এটা পূরণ করতে চাই। ওটাই আমার লক্ষ্য। আমি একটি অলিম্পিক পদক নিয়ে বাড়ি ফিরতে চাই। কেবল একটা পদক পেলেই আমি সন্তুষ্ট থাকব, নতুবা নয়।’ ওয়েবসাইট।