চোখ ত্রিফলা আক্রমণেই
তাঁকে মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ। দল হারের মুখে। অথচ কিছুই করতে পারছেন না, বেঞ্চে বসে অসহায় তাকিয়ে থাকা ছাড়া। প্যারাগুয়ে ম্যাচের শেষ প্রান্তে রবিনহোর কাতর দৃষ্টি নজর কেড়েছিল টিভি ক্যামেরার। সেদিন শেষ পর্যন্ত মাঠে নামতে পারেননি বলেই হয়তো মনের মধ্যে জমাট বেঁধেছিল দৃঢ়প্রতিজ্ঞা। ইকুয়েডর ম্যাচে সুযোগ পেয়েই দারুণ খেলেছেন রবিনহো।আক্রমণভাগে পাতো আর নেইমারের সঙ্গে মিলে দলের এই সিনিয়র স্ট্রাইকার গড়ে তুলেছিলেন দারুণ ত্রিফলা জুটি। আজও প্যারাগুয়ের বিপক্ষে এই তিনজনের দিকে তাকিয়ে থাকবে দল। ব্রাজিলের নতুন ভরসা হয়ে ওঠা ত্রিমূর্তিও আশ্বস্ত করছেন, তাঁরা প্রস্তুত।এমনিতে সতীর্থদের কাছে তিনি ‘হাঁস’ নামে পরিচিত। কিন্তু পাতো আসলে হয়ে উঠতে চান ক্ষিপ্র বাঘ। যেমনটা ছিলেন রোনালদো। খোদ মানো মেনেজেস তাঁর মধ্যে আগামীর রোনালদোর ছবি দেখতে পান। পাতোও জানালেন প্যারাগুয়ের জন্য তিনি প্রস্তুত হচ্ছেন বিশেষভাবে, ‘আমি এমন একজন খেলোয়াড় যে প্রতিপক্ষকে নিয়ে গবেষণা করতে ভালোবাসে। এটা আমার কাজেরই অংশ। এতে করে মানো যা চান, আমি সেটাই করতে পারি।’ভেনেজুয়েলা আর প্যারাগুয়ে ম্যাচে দল মন না ভরালেও অতীতের সেই ব্যর্থতা নিয়েও পড়ে থাকতে চান না, ‘আমরা ধীরে ধীরে নিজেদের সেরা খেলাটার কাছে পৌঁছে যাচ্ছি। প্যারাগুয়ে-ভেনেজুয়েলা ম্যাচে আমরা একেবারেই যে খারাপ করেছি, তা-ও কিন্তু নয়। তবে আমাদের উন্নতি করার অনেক সুযোগ আছে। এ কারণে আমরা আরও পরিশ্রম করছি।’গত ম্যাচে জোড়া গোল করেছিলেন পাতো। নেইমারও পেয়েছেন জোড়া গোল। সান্তোসের এই উঠতি তারকা বলছেন, ক্লাবের হয়ে তাঁর দুর্দান্ত ফর্ম ফিরে এসেছে জাতীয় দলের জার্সি গায়েও, ‘আমি আজ (ইকুয়েডর ম্যাচে) মাথা অনেক ঠান্ডা রেখে খেলেছি, নিজের খেলাটা খেলতে পেরেছি। ওদের ওপর চড়াও হয়ে খেলতে পেরেছি, দুটো গোলও পেয়েছি। আমি এভাবেই সান্তোসের হয়ে খেলি। আজ সেলেসাওয়েল হয়েও খেলতে পেরেছি। তাই ভালোই লাগছে।’এই খেলাটা সামনের ম্যাচগুলোতেও খেলতে চান এই ১৯ বছর বয়সী, ‘আশা করি, আমি এভাবেই খেলতে পারব। ম্যাচটা দারুণ ছিল, দলও ভালো খেলেছে। মানো পরের ম্যাচের জন্য কী ছক কষেন, সেটা জানতে আমাদের অপেক্ষা করতে হবে। তবে আমার লক্ষ্য থাকবে দলকে সব সময় সহযোগিতা করা।’মেনেজেস এখনো তাঁর খেলার ছক ফাঁস করেননি। তবে গত ম্যাচ যে তাঁকেও তৃপ্তি এনে দিয়েছে সেটা স্বীকার করে বললেন, আরও উন্নতিই তাঁর লক্ষ্য, ‘আমরা আরও উন্নতি করতে পারি। আমাদের সব সময় লক্ষ্যই থাকে আরও ভালো খেলা।’গত ম্যাচে মেনেজেসের বেশ কিছু সিদ্ধান্ত প্রশংসিতও হয়েছে। এর মধ্যে ছিল দানি আলভেজকে বসিয়ে মাইকনকে সুযোগ দেওয়া। ‘আগের ম্যাচে দল ডান প্রান্ত থেকে খুব বেশি কিছু করার সুযোগ পাচ্ছিল না। যে ঝলকটা আমরা চাচ্ছিলাম, মাইকন সেটাই এনে দিয়েছে। ওপরে-নিচে দুই জায়গাতেই ভালো খেলে দলে ভারসাম্য এনেছে। এটা ছিল সঠিক সিদ্ধান্ত’—বলেছেন মেনেজেস।কোচের জন্য আরেকটি তৃপ্তির ব্যাপার গানসোর ফর্মে ফেরা। ২১ বছর বয়সী এই মিডফিল্ডারও তৃপ্ত, ‘দল হিসেবে ব্রাজিল এবং খেলোয়াড় হিসেবে আমি নিজে উন্নতি করেছি। দলকে সাহায্য করতে পেরেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ।’মেনেজেস চাইবেন, আজও গানসোকে কেন্দ্র করে সচল থাকুক মাঝমাঠ। রবিনহো-নেইমার-পাতো এই ত্রিমূর্তির সঙ্গে সেতুবন্ধ গড়ে তুলুন গানসো। ত্রিমূর্তির সাফল্যই যে ব্রাজিলের সাফল্য। ওয়েবসাইট।