চোখ ধাঁধিয়ে দিল জার্মানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডান বা বাঁ প্রান্ত থেকে বক্সে লম্বা বল ফেলা, ক্লোসা বা অন্য কারও হেড—অনেক দিন ধরে এই খেলাই তো বেশি দেখছিলাম জার্মানির কাছ থেকে। আর পরশু রাতে কী দেখলাম! অসাধারণ, চোখ ধাঁধানো ফুটবল। বিশ্বাসই করা কঠিন, জার্মানি নিজেদের খেলার ঐতিহ্যগত ছক থেকে বেরিয়ে এসে অন্য ধাঁচের ফুটবল খেলল এদিন। পেছন থেকে ওরা যেভাবে ‘শ্যাডো রান’, যেটাকে বলে ‘রানস ফ্রম দ্য বিহাইন্ড অব দ্য ডিফেন্ডার’ করল, এক কথায় দুর্দান্ত। প্রচুর প্র্যাকটিস না হলে এত সুন্দরভাবে তা করা সম্ভব নয়। যে খেলোয়াড় পেছন থেকে দৌড়টা দিয়েছে তাকে কিন্তু যার পায়ে বল সে দেখেনি। তবু সে বল ছেড়েছে, কারণ সে জানে কেউ একজন নির্দিষ্ট জায়গায় যাবে এবং দেখা গেল, পেছন থেকে একজন এসে সেই বল নিয়ে গেছে ঠিকই।সবচেয়ে ভালো দিক যেটা, ওই খেলোয়াড় এরপর বলটা এলোমেলোভাবে ছেড়ে দেয়নি। সে সামনে গিয়ে হয় ডিফেন্স-চেরা পাস দিয়েছে, নইলে দারুণ শট নিয়েছে গোলে অথবা ফাঁক খুঁজে অন্য কাউকে ছেড়েছে। একেবারে পরিকল্পিত এবং প্রতিপক্ষকে দুমড়েমুচড়ে দিতে কার্যকর ফুটবল। জার্মানির চিরায়ত ‘যান্ত্রিক’ ফুটবলের বাইরে অন্য রকম ফুটবল। যেটা দেখতেও দারুণ লেগেছে। এক-দুবার নয়, জার্মান খেলোয়াড়েরা এটা অহরহই করেছে। যেন সব সাজানো! আর ছিল দ্রুত চ্যালেঞ্জ করে বল কেড়ে নেওয়ার দক্ষতা। একমাত্র ক্লোসা ছাড়া মাঠে বাকি সবাই ছিল দারুণ ক্ষুরধার। যার যার দায়িত্ব সম্পর্কে সচেতন। ওরা দুই প্রান্তে অনেক বল ছেড়েছে, আবার দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে অনেক বল বের করেছে, এক কথায় দেখার মতো।এবারের জার্মান দলটা তুলনামূলক তরুণ। তাদের রানিং-চেজিং অন্যবারের চেয়ে বেশি এবং দ্রুত। ‘সাপোর্ট প্লে’টা খুব সুন্দর হয়েছে। এটা ‘পেয়ার ডিফেন্ডিংয়ে’র মতো। একজনের সাপোর্টে আরেকজন থাকা। একটা বিষয় লক্ষ করেছি, ফ্লাঙ্কে ওরা শুধু শুধু বল ছাড়েনি। বড় জায়গা দেখে তবেই সেখানে বল ফেলেছে।অস্ট্রেলিয়ার রানিং খারাপ ছিল না। কিন্তু রানিং-চ্যালেঞ্জিং—এই জায়গাগুলোতে অস্ট্রেলিয়ানদের ওরা কাজই করতে দেয়নি। মাঝমাঠের পর আর তেমন কাজই করতে পারেনি অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়া উঁচু মানের দল নয়, তাই এই ম্যাচ দেখেই জার্মানদের নিয়ে চূড়ান্ত কিছু বলে যায় না।জার্মানির প্রথম ম্যাচে তো বড় একটা পরিবর্তন দেখলাম, ব্রাজিল আজ কি করবে? ব্রাজিল সুন্দর ফুটবল খেলে না, এখন শুধু জেতার জন্যই খেলে, এসব সমালোচনার পরও ব্রাজিলের খেলায় কিছু সৌন্দর্য তো থাকবেই। যাই হোক, ব্রাজিল প্রথম ম্যাচটা খেলুক, তারপর বোঝা যাবে এই ব্রাজিল কেমন?