অধিনায়কের মুকুট হারিয়েছেন। খেলেনও শুধু ক্রিকেটের তিন ফরম্যাটের একটিতে। ৫ বল আর ৮ মিনিট উইকেটে থেকে শূন্য রান—ব্রিসবেনের মতো অ্যাডিলেডেও এমন স্বল্পায়ু কোনো ইনিংস খেললে আরও একটা প্রশ্ন নামের বাউন্সারের মুখোমুখি হবেন রিকি পন্টিং—আর কত?মাত্র এক ইনিংস দিয়েই পন্টিংকে বিবেচনা করা হবে অবিবেচকের কাজ। তা ছাড়া এই মৌসুমে অস্ট্রেলিয়ার ঘরোয়া ফার্স্ট ক্লাস ক্রিকেটে সবচেয়ে সফলদের একজন তিনি। মাত্র চার ম্যাচে ১১৮.৩৩ গড়ে করেছেন ৩৫৫ রান। তা ছাড়া নামের পাশে তাঁর ১৬৬টি টেস্ট আর ১৩ হাজার ৩৪৬ রান। কাজেই সুযোগটা পন্টিংয়ের প্রাপ্যই। কিন্তু সমস্যা হলো, অস্ট্রেলিয়া ঠিক ‘কৃতজ্ঞতা স্বীকার’ নীতিতে বিশ্বাস করে না। অতীতে অনেক রথী-মহারথীকে দলের জায়গা ছেড়ে দিয়ে আসন নিতে হয়েছে ভিআইপি বক্সে, নিতে হয়েছে দর্শকের ভূমিকা।তা ছাড়া ভারতের গত অস্ট্রেলিয়া সফর বাদে সর্বশেষ পাঁচ সিরিজেই পন্টিং বাজে খেলছেন। অ্যাশেজে তাঁর গড় ছিল ১৬.১৪, শ্রীলঙ্কা সফরে ৩১, দক্ষিণ আফ্রিকা সফরে ১৭.৫০, নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৩ এবং এই সিরিজের ঠিক আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে ২৪.৩৩। কদিন বাদে ৩৮ পূর্ণ করতে চলা পন্টিং যে নির্বাচকদের তীক্ষ নজরদারির মধ্যে থাকবেন, সে কথা বলাই বাহুল্য।পন্টিং নিজেও তা জানেন। আগামী অ্যাশেজ পর্যন্ত খেলেই অবসর নেওয়ার যে পরিকল্পনা করেছেন, সেটাকে বাস্তবে রূপ দিতে হলে ব্যাটটাকে আরও চওড়া তাঁকে করতেই হবে। আগামীকাল শুরু হতে যাওয়া অ্যাডিলেড টেস্টে মাথার ওপর যে চাপ থাকবে, এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘এ নিয়ে আমার আপত্তি নেই। আমি এ থেকে দূরেও পালিয়ে যাচ্ছি না। এ ধরনের পরিস্থিতিতে তো আর নতুন পড়লাম না। আকাশসমান চাপ নিয়ে এর আগেও অনেক খেলেছি।’ আরও বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটটাই হলো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার।তার মানে পন্টিং চ্যালেঞ্জটা নিচ্ছেন। আর সেই লড়াইয়ের মঞ্চ হিসেবে পেয়ে যাচ্ছেন প্রিয় মাঠগুলোর একটি—অ্যাডিলেড। দশের বেশি ম্যাচ খেলেছেন এমন ভেন্যুগুলোর মধ্যে অ্যাডিলেডেই তাঁর রান সবচেয়ে বেশি (১৭২৩)। ছয়টি টেস্ট সেঞ্চুরিও আছে এ মাঠে। আধডজন টেস্ট সেঞ্চুরি পন্টিং হাঁকিয়েছেন আর একটিই মাঠে—সিডনিতে। অ্যাডিলেডে সর্বশেষ টেস্টটায় ডাবল সেঞ্চুরিসহ করেছেন ২৮১ রান। পন্টিং প্রস্তুত।দক্ষিণ আফ্রিকা অবশ্য পন্টিংয়ের চেয়ে বেশি মাথা ঘামাচ্ছে মাইকেল ক্লার্ককে নিয়ে। ক্লার্ক এ বছর টেস্টে এক হাজার রান করা একমাত্র ব্যাটসম্যান। শুধু তা-ই নয়, অস্ট্রেলীয় অধিনায়ক এক হাজার ৪১ রান করেছেন মাত্র ১১ ইনিংসে, যেখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যালিস্টার কুকের ৯০৪ রান এসেছে দ্বিগুণেরও বেশি ইনিংস (২৩) খেলে। ব্রিসবেনে প্রথম ইনিংসে ৪৫০ রান করার পর ৪০ রানে অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে নিয়েও যে দক্ষিণ আফ্রিকাকে ড্র মেনে নিতে হলো, সেটা ক্লার্কের ২৫৯ রানের ইনিংসটার কারণেই। ওয়েবসাইট।ক্লার্ক ছাড়া এই টেস্টের ভেন্যুও প্রোটিয়াদের জন্য দুশ্চিন্তার নাম। যে মাঠে গত ৪৮ বছরে টেস্ট জেতা হয়নি তাদের। দক্ষিণ আফ্রিকাকে ভাবাচ্ছে দলের একাদশও। ইমরান তাহিরকে বসিয়ে ররি ক্লেইনভেল্টকে খেলানোটা একেবারেই কাজে দেয়নি। অস্ট্রেলিয়াও তাদের একাদশে শেন ওয়াটসনকে নেবে কি না, এ নিয়ে দ্বিধায়। সমস্যা ওয়াটসনের ফর্মে নয়, চোটে। পন্টিং অবশ্য শতভাগ ফিট না হলে ওয়াটসনের খেলা উচিত নয় বলেই রায় দিয়েছেন।