চোখ মেললেন রাইডার
নিউজিল্যান্ডের এক পানশালায় নৃশংস হামলার শিকার হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছিলেন জেসি রাইডার। টানা দুই দিন কোমায় থাকার পর অবশেষে জ্ঞান ফিরেছে এই কিউই ব্যাটসম্যানের। এরপর তিনি পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে কথাও বলেছেন বলে জানিয়েছেন রাইডারের ম্যানেজার। রাইডারের ওপর এই হামলার ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে নিউজিল্যান্ড পুলিশ। আগামী ৪ এপ্রিল তাঁদের আদালতে হাজির করা হবে।গত বৃহস্পতিবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের এক পানশালার বাইরে নৃশংস আক্রমণের শিকার হন নিউজিল্যান্ডের ক্রিকেটার জেসি রাইডার। এই হামলায় তাঁর মাথার খুলি ভেঙে যায় ও ফুসফুসে গুরুতর জখম হয়। তবে এখন রাইডার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন তাঁর ম্যানেজার অ্যারন ক্লে। তিনি বলেছেন, ‘আগের তুলনায় জেসির অবস্থার খানিকটা উন্নতি হয়েছে। তিনি জ্ঞান ফিরে পেয়েছেন এবং আমাদের সঙ্গে কথা বলেছেন। জেসির সুস্থ হওয়ার প্রক্রিয়া মাত্র শুরু হয়েছে। শারীরিক সামর্থ্য পুরোপুরি ফিরে পেতে আরও অনেক সময় লাগবে। কিন্তু অগ্রগতিটা ইতিবাচক।’মদ্যপান ও পানশালাসংক্রান্ত বেশ কয়েকটি ঘটনার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে স্বেচ্ছা-অবসর নেন রাইডার। ঘরোয়া ক্রিকেট অবশ্য খেলে যাচ্ছিলেন। গত বৃহস্পতিবার কেন্টাবুরিতে মৌসুম সমাপনী একটি ওয়ানডে ম্যাচও খেলেছেন। ওই ম্যাচে হারের পর ওয়েলিংটন দলের কয়েকজন সতীর্থকে নিয়ে তিনি পানশালায় যান। সেখানেই ঘটে তাঁর ওপর হামলা। অথচ মাত্র কয়েক দিন পর আইপিএলে খেলতে যাওয়ার কথা ছিল জেসি রাইডারের। সেখানে খেলে আড়াই লাখ ডলারের বেশি অর্থ পেতেন এই কিউই ব্যাটসম্যান। রয়টার্স।