চোখটাই যেতে পারে বাউচারের!
জ্যাক ক্যালিস বলেছিলেন, এটা আর শুধু ক্রিকেটের গণ্ডিতে নেই। জীবনের সীমানায় এসে গেছে। মার্ক বাউচারের চোখের চোট আসলেই গুরুতর। তবে কতটা গুরুতর, এটা নিয়ে দুই রকম খবর মিলছে। কেপটাউনে বাউচারের শল্যবিদ শুয়াইব মাঞ্জরার শুনিয়েছেন ইতিবাচক কথা। তবে বাউচারের ঘনিষ্ঠ এক বন্ধুর বরাত দিয়ে ডেইলি মেইল-এর খবর, শুধু ক্যারিয়ারটাই নয়, হারাতে পারেন বাঁ চোখটাকেও। বাউচারের শঙ্কা, বাঁ চোখ তুলেও ফেলতে হতে পারে!গত সোমবার সমারসেটের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোখে আঘাত পান বাউচার। ইমরান তাহিরের গুগলিতে গেমাল হোসেন বোল্ড হলে বেল উড়ে গিয়ে লাগে স্টাম্প ঘেঁষে দাঁড়ানো বাউচারের বাঁ চোখে। ওই দিন রাতেই তিন ঘণ্টা ধরে অস্ত্রোপচার করা হয় টন্টনের মাসগ্রোভ পার্ক হাসপাতালে। নিয়তি মেনে নিয়ে পরদিনই অবসরের ঘোষণা দিয়ে দেশে ফেরেন টেস্টের সর্বোচ্চ ডিসমিসাল করা উইকেটকিপার। এখন তাঁর চিকিৎসা চলছে কেপটাউনের পেনিনসুলা আই ক্লিনিকে। চিকিৎসা নিচ্ছেন অবশ্য নিজের বাড়িতে থেকেই। সানডে টাইমসকে ড. মাঞ্জরা বলেছেন আশার কথা, ‘রেটিনা নিশ্চিত সরে যাওয়ার কোনো লক্ষণ নেই, যা খুবই ইতিবাচক। ওই চোখ দিয়ে হাতের নড়াচড়া ও আলোর গতিবিধি বুঝতে পারছেন বাউচার। তবে আরও কিছু পরীক্ষামূলক অস্ত্রোপচার ও কয়েক মাস ধরে আরও কিছু প্রক্রিয়ার ভেতর দিয়ে যাওয়ার পরই কেবল চোটের ভয়াবহতা ও সেরে ওঠার সম্ভাবনা নিয়ে নিশ্চিত বলা যাবে।’কিন্তু বাউচারের এক ঘনিষ্ঠ বন্ধু ডেইলি মেইলকে বলেছেন, ‘চোখটা যদি তুলে না-ও ফেলা হয়, তবু বাউচার দেখতে পাবেন শুধু সাদা-কালো। এরই মধ্যে ওই চোখের দৃষ্টিশক্তির ৩০-৪০ শতাংশ হারিয়ে ফেলেছেন। বাকিটাও যে হারাবেন না, এর নিশ্চয়তা নেই।’ক্লেয়ারমন্টের বাড়িতে আপাতত বাউচারের সময় কাটছে টিভিতে ট্যুর ডি ফ্রান্স দেখাসহ খেলার চ্যানেলগুলো ঘুরিয়ে আর বিশ্বের নানা প্রান্ত থেকে ক্রমাগত আসতে থাকা সমবেদনার বার্তা পড়ে। নিজের চোখের অবস্থা নিয়েও নাকি বারবার জানতে চাইছেন চিকিৎসকদের কাছে। আপাতত বাড়িতে তাঁকে সঙ্গ দিচ্ছেন মা হিদার ও ফ্যাশন ডিজাইনার বান্ধবী কারমেন লটার। ওয়েবসাইট।