
হংকং-ব্যর্থতার দাগটাকে মুছে ফেলা যাচ্ছে না। আজকের ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ যতই সামনে এগোনোর উপলক্ষ হোক, পেছন থেকে যেন গলা চিপে ধরছে প্রথম পর্বের হতাশার সেই ম্যাচ। মুশফিকুর রহিম যতই ভুলতে চান চট্টগ্রামের ক্ষত, কে যেন অলক্ষ্যে মনে করিয়ে দেয়, ‘তোমরা না হংকংয়ের কাছে হেরেছ...!’
বারবার ফিরে আসা এই জ্বালাটা নেভাতে চায় বাংলাদেশ এবং সম্ভব হলে তা আজই। তার আগে দলের চিন্তাভাবনার স্রোত কোন দিকে বইছে সেসব শুনুন কাল সংবাদ সম্মেলনে বলা বাংলাদেশ অধিনায়কের কথা থেকেই—
হতাশা থেকেই প্রাপ্তির খোঁজ: মুশফিক হতাশা থেকেও প্রাপ্তি খোঁজা মানুষ। হংকং প্রসঙ্গ টেনে এনে বললেন, ‘এর আগেও অনেক বাজে সময়কে পেছনে ফেলে আমরা ঘুরে দাঁড়িয়েছি। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে হারার পর পাকিস্তানের বিপক্ষে যেভাবে ব্যাট করেছি, তা থেকেও অনেক আত্মবিশ্বাস নিতে পারি।’
প্রথম পর্বের সব ম্যাচে জেতা না গেলেও সুপার টেনে ওঠার লক্ষ্যপূরণ হয়েছে দলের। আর পেছনে না তাকিয়ে মুশফিক ভাবতে চান সামনের ম্যাচগুলো নিয়েই। কিন্তু এই ম্যাচগুলোর প্রতিপক্ষ যে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, ভারত আর অস্ট্রেলিয়ার মতো রাঘববোয়ালেরা!
অন্যরাই বেশি চাপে: বাংলাদেশ অধিনায়ককে হংকং ম্যাচই জোগাচ্ছে আত্মবিশ্বাস, ‘টি-টোয়েন্টিতে যেকোনো দল যেকোনো দিন জিততে পারে। সেদিক থেকে আমাদের সুযোগ আছে ভালো ক্রিকেট খেলার, যেকোনো দলকে হারানোর। আমার মনে হয় আমাদের হারানোর কিছু নেই। আমরা যতটা চাপে থাকব, আমাদের সঙ্গে খেলায় তার চেয়ে বেশি চাপে থাকবে অন্যরা।’
কিন্তু অন্যদের চাপে ফেলার মতো কিছু করতে হবে তো! একসঙ্গে সবার ফর্ম হারিয়ে ফেলা যে সে স্বপ্ন দেখারই সাহস জোগায় না। মুশফিক ব্যাপারটা মানলেও বলছেন, ‘এটা নিয়ে একটু চিন্তিত, এ ছাড়া আর কিছুই না। দু-একটি ম্যাচ ভালো হলেই সবাই আত্মবিশ্বাস ফিরে পাবে।’ আর সেই আত্মবিশ্বাসের জন্য ৫০-১০০ করার প্রয়োজন দেখেন না বাংলাদেশ অধিনায়ক, ‘ভালো পারফরম্যান্সের জন্য দ্রুত ১০ বা ২০ রান করা অথবা ভালো একটা ক্যাচ, একটা ভালো স্পেলই যথেষ্ট। আমরা সেদিকেই তাকিয়ে আছি।’
টপ অর্ডারেই ভরসা: ওয়েস্ট ইন্ডিজের যেমন ক্রিস গেইল বা মারলন স্যামুয়েলসরা আছেন, বাংলাদেশের এমন কেউ নেই যার পক্ষে একাই ম্যাচ জিতিয়ে দেওয়া সম্ভব। সবার মিলিত অবদানেই হতে পারে বড় কিছু। তবে কথা উঠেছে, প্রয়োজনে লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যানদের কাছ থেকে কাঙ্ক্ষিত ব্যাটিংটা পাচ্ছে না বাংলাদেশ। মুশফিকের দর্শন এখানে ভিন্ন, ‘ছয়-সাত নম্বর ব্যাটসম্যানদের দোষ না দিয়ে আমরা যারা ওপরের দিকে ব্যাট করি তাদের অন্তত ১৭-১৮ ওভার বা পারলে ২০ ওভার পর্যন্ত থাকা উচিত। টি-টোয়েন্টিতে প্রথম চারজনই পুরো ম্যাচ সেট করে দেয়। তারা যেদিন জ্বলে ওঠে সেদিনই দল জেতে।’
স্পিনাররাও বাজে ফর্মে: এখন পর্যন্ত মন্থর উইকেট পেয়েও হাসতে পারছেন না বাংলাদেশের স্পিনাররা। অবশ্য মুশফিক তাদের নিয়েও আশাবাদী, ‘স্পিনাররা হয়তো একটু অফ ফর্মে আছে। তবে আমার মনে হয়, একটা ম্যাচে ভালো করলেই আবার ফর্মে চলে আসবে।’
নিরাপদ ১৫০: মিরপুরের উইকেটে প্রতিপক্ষকে ১৫০ রান পর্যন্ত দিতে রাজি মুশফিক। লক্ষ্যটা এর মধ্যে থাকলেও সেটা তাড়া করা সম্ভব বলে মনে করেন অধিনায়ক, ‘প্রতিপক্ষকে ১৫০ রানের মধ্যে বেঁধে রাখতে পারলে মানসিক প্রস্তুতি নিয়ে লক্ষ্যটা তাড়া করা যায়।’ তবে চট্টগ্রামের উইকেটের তুলনায় ঢাকার উইকেটকে ভিন্ন মনে হয় তাঁর কাছে, ‘রান তাড়া করা সব সময়ই কঠিন, তবে এখানে পরে ব্যাট করাটা একটু সহজ।’
সুপার টেনে জয়ের স্বপ্ন: লোকে যা-ই বলুক, মুশফিক মনে করেন না যে তারা খুব একটা খারাপ অবস্থায় আছেন। শ্রীলঙ্কা সিরিজ ও এশিয়া কাপে পরাজয়ের বৃত্তে ঘুরপাক খেলেও ভালো ক্রিকেট খেলার দাবি অধিনায়কের। দলের প্রতি তাঁর একটাই বার্তা, ‘আমাদের হারানোর কিছু নেই। আমরা যেন আমাদের দুই শ ভাগ দিয়ে চেষ্টা করি। প্রতিপক্ষকে যেন বোঝাতে পারি আমরা এসেছি খেলতে, ওদের সমস্যায় ফেলতে। এটা করতে পারলে চার ম্যাচের বেশ কয়েকটাতেই জেতার সামর্থ্য আমাদের আছে।’
সামর্থ্যটা পারফরম্যান্সে অনূদিত হবে এবার?